নিরাপত্তার সমস্যায় ধুঁকছে বাংলাদেশের পোশাক কারখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে রানা প্লাজায় ভয়াবহ দুর্ঘটনার পর দেড় বছর পেরিয়ে গেছে। পোশাককর্মীতে ঠাসা অনিরাপদ ভবনটি দুর্ঘটনায় পড়লে প্রাণ হারান এক হাজার ১৩৬ জন। সেই সময় বাংলাদেশি পোশাকের মার্কিন ও ইউরোপীয় বৃহৎ ক্রেতা প্রতিষ্ঠানগুলো কারখানার মানোন্নয়নে চাপ প্রয়োগের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু তাদের এখনো অনেক দূর যাওয়া বাকি।
ইউরোপীয় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর এক কনসোর্টিয়াম গত সপ্তাহে ঘোষণা করে, ওই দুর্ঘটনার পর পরিদর্শন করা এক হাজার ১০৬টি কারখানায় ৮০ হাজারের বেশি নিরাপত্তাজনিত সমস্যা খুঁজে পেয়েছে তারা। এক-দশমাংশের বেশি কারখানার এমনই দশা যে, উৎপাদন চালিয়ে যেতে হলে সেগুলোর কালবিলম্ব না করে সংস্কার বা খালি করা জরুরি।
গত বৃহস্পতিবার ওয়াশিংটন পোস্ট পত্রিকার সম্পাদকীয় নিবন্ধে এসব অভিমত ব্যক্ত করা হয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ প্রশ্নে কোনো আলোচনা, তৈরি পোশাকের বিশ্ববাণিজ্য এবং বাংলাদেশের বিপুলসংখ্যক দরিদ্র পোশাকশ্রমিকের জন্য ক্ষতিকর হতে পারে বলেও মন্তব্য করেছে পত্রিকাটি।
সম্পাদকীয় নিবন্ধে আরও বলা হয়, পোশাক কারখানা বাংলাদেশের জন্য এক বড় আশীর্বাদ। দেশটিতে প্রকৃত মাথাপিছু জিডিপি (মোট অভ্যন্তরীণ উৎপাদন) ও প্রকৃত মাথাপিছু আয় ১৯৯৭ সালের পর থেকে দ্বিগুণ হয়েছে। অংশত এর কারণ, বাংলাদেশ নিজেকে তৈরি পোশাক উৎপাদন খাতের একটি কেন্দ্রে পরিণত করতে সক্ষম হয়েছে। এই অবস্থায় বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক রক্ষাকারী প্রতিষ্ঠানগুলোর বর্জন বা বাণিজ্য নিষেধাজ্ঞার মাধ্যমে দেশটিকে শাস্তি দেওয়া নিয়ে আলোচনা করা হবে বিপরীত ফলদায়ক।
পত্রিকাটি আরও বলেছে, ক্রমবর্ধমান বাণিজ্য ও যথোপযুক্ত পরিবেশ বৈসাদৃশ্যপূর্ণ কোনো বিষয় নয়। তাই আগুনের ফাঁদ বা রানা প্লাজার মতো দুর্বল অবকাঠামোযুক্ত ভবনে শ্রমিকদের ঢুকতে বাধ্য করার পক্ষে কোনো অজুহাতই গ্রহণযোগ্য নয়।