নিরাপত্তার স্বার্থে...
যাত্রী ও চালকের নিরাপত্তার কথা ভেবে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় রাত আটটার পরে সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশাভ্যান না চালাতে চালকদের পরামর্শ দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার ধানগড়া নতুন চৌরাস্তায় গিয়ে দেখা যায়, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত রিকশাভ্যান চালকদের বাড়ির দিকে ফিরিয়ে দিচ্ছে রায়গঞ্জ থানার পুলিশের একটি টহল দল।
থানা-পুলিশের সূত্র জানায়, দুই দিনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তিনটি অটোভ্যান চুরি হয়েছে। এর মধ্যে পুলিশ দুটি উদ্ধারও করেছে। নতুন করে এ ঘটনা যেন না ঘটে, সে জন্য এ রকম উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনজন রিকশা-ভ্যানচালক জানান, ঈদের আগে প্রায় সারা রাতই লোকজনের চলাচল থাকে। তাই রোজগার ভালোই হয়। কিন্তু নিরাপত্তার কারণে এমন ব্যবস্থা নেওয়ায় এবার কী হবে, তাঁরা তা বুঝতে পারছেন না। উপজেলার ঝাপড়া এলাকার আরমান আলী জানান, ঈদ সামনে রেখে চোরের দল বিভিন্ন এলাকায় হানা দিয়ে কয়েকটি অটোভ্যান চুরি করে নিয়ে গেছে। যানবাহনের টোল আদায়কারী নুরে আলম জানান, যাত্রী ও চালকের নিরাপত্তার কথা ভেবে পুলিশের পদক্ষেপের কারণে রাতে এসব যানবাহন চলাচল কমে গেছে।
রায়গঞ্জ থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস গত বুধবার বিষয়টি নিশ্চিত করে জানান, যান, চালক ও যাত্রীর নিরাপত্তার কথা ভেবে চালকদের কিছু বিষয় মেনে চলার জন্য বলা হয়েছে। দুর্ঘটনা এড়াতে তিনি সবার সহযোগিতা কামনা করেন।