নিরাপত্তাহীনতায় কাদের মোল্লার মামলার প্রথম সাক্ষী
আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের প্রথম সাক্ষী মুক্তিযোদ্ধা মোজাফফর আহমেদ খান আগের চেয়ে আরও বেশি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
কাদের মোল্লার বিরুদ্ধে ২০০৭ সালে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে প্রথম মামলা করেছিলেন মোজাফফর। পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ বিচার শুরু হলে প্রথম সাক্ষী হন তিনি। গত এপ্রিল মাসে দুর্বৃত্তদের ককটেল হামলায় আহত হন তিনি। এরপর তিনি ও তাঁর পরিবারের সদস্যরা প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়েও পাননি।
মোজাফফর গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘জাতির স্বার্থেই মামলা করেছিলাম। অথচ আমার ওপর বোমা হামলা হলো। প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়েও নিরাপত্তা পাইনি। এখন কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর হওয়ার খবরে হামলার আশঙ্কা করছি।’
নিরাপত্তা দেওয়ার ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, ‘কাদের মোল্লার মামলার বাদী মোজাফফর আহমেদ তাঁর নিরাপত্তার বিষয়ে আমাদের জানাননি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
কাদের মোল্লার ফাঁসির আদেশ কার্যকর করার খবরে কেরানীগঞ্জের ঘাটারচর ও আটি ভাওয়াল এলাকার বাসিন্দারা মনে মনে খুশি হলেও হামলা-সহিংসতার আশঙ্কায় তাঁরা প্রকাশ্যে আনন্দ উৎসব করতে পারছেন না।
আটি ভাওয়াল এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা আজিজ খান বলেন, ‘কাদের মোল্লার ফাঁসির ঘোষণায় আমরা খুশি। তবে কাদের মোল্লার মতো আরও যাঁরা মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিলেন, তাঁদের সবাইকে একইভাবে মৃত্যুদণ্ড দিলে দেশ ও জাতি কলঙ্কমুক্ত হবে।’