নিরাপত্তাহীনতায় পুরান ঢাকার আদালতপাড়া
নিরাপত্তাহীনতায় পুরান ঢাকার আদালতপাড়া। বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের হরতাল-অবরোধ কর্মসূচির পর গত অক্টোবর থেকে এ পর্যন্ত আদালত এলাকায় অসংখ্য ককটেল হামলা হয়েছে। এর অধিকাংশই আশপাশের বহুতল ভবনের ছাদ থেকে করা হয়েছে বলে পুলিশের সন্দেহ। পুলিশের কাছে এসব ভবনের মালিক ও ভাড়াটেদের সঠিক তথ্যও নেই। এ কারণে সহজেই হামলা করে পালিয়ে যেতে পারছে দুষ্কৃতকারীরা।
২০০৫ সালের ১৭ আগস্ট ৬৩ জেলায় একযোগে বোমা হামলা করে জঙ্গিরা। তাদের লক্ষ্য ছিল ঢাকাসহ দেশের বিভিন্ন আদালতে বোমা হামলা করা। ওই বছরের নভেম্বরে ঝালকাঠিতে দুই বিচারক ও গাজীপুরে আইনজীবী সমিতি ভবনে বোমা মেরে কয়েকজন আইনজীবীকে হত্যা করা হয়। এসব ঘটনার পর ঢাকার আদালত এলাকায় আর্চওয়ে (একমুখী প্রবেশপথ) বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু সেই সিদ্ধান্ত আজও বাস্তবায়িত হয়নি।
গত ২০ অক্টোবর ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতের সংরক্ষিত নথি শাখায় পেট্রল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। এর পরদিন ঢাকা জেলা ও দায়রা জজ এবং জেলা প্রশাসনের ভবনে ককটেল বিস্ফোরণ ঘটায় তারা।
এ ঘটনার পর ঢাকার মুখ্য মহানগর হাকিম বিকাশ কুমার সাহা ঢাকা আইনজীবী সমিতি, আওয়ামী লীগ ও বিএনপিপন্থী নেতৃস্থানীয় আইনজীবী নেতাদের নিয়ে বৈঠক করেন। ওই বৈঠকে আদালতে প্রবেশের ক্ষেত্রে আইনজীবী ও বিচারপ্রার্থীদের দেহ তল্লাশি করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সিদ্ধান্ত কার্যকর করা হলেও ককটেল হামলার ঘটনা থামছে না।
গত ৮ নভেম্বর ঢাকার সিএমএম আদালতের কাছে জনসন রোডে বহুতল ভবন থেকে ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এর কিছুক্ষণ পরই মহানগর দায়রা জজ আদালত ভবনের পাশে জনসন রোডে যাত্রীবাহী বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সিএমএম আদালত ও মহানগর আদালতের প্রবেশপথের সামনে প্রতিদিন ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। গতকাল জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির বিরুদ্ধে রিভিউ আবেদন খারিজ হওয়ার পরপর আদালত এলাকায় একাধিক ককটেল হামলা চালানো হয়।
পুলিশের ভাষ্য, আদালত এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ আদালত, জেলা ও দায়রা জজ আদালত, মুখ্য মহানগর ও মুখ্য বিচারিক এবং ডিসি ভবনের ছাদে নিরাপত্তা পুলিশ দেওয়ার পর আদালত অঙ্গনের ভেতরে হামলা কমেছে। বহুতল ভবনের ছাদ থেকে হামলাগুলো করছে দুর্বৃত্তরা। এ কারণে হামলাকারীদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ছে।
পুলিশের অপরাধ তদন্ত ও তথ্য প্রসিকিউশনের অতিরিক্ত কমিশনার আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, আদালত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিটি প্রবেশপথ এবং বিচারকদের চলাচলের পথসহ বিভিন্ন স্থানে গোপন ক্যামেরা স্থাপন করা হয়েছে। পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানো হয়েছে। তিনি বলেন, আদালত এলাকার আবাসিক ও বাণিজ্যিক বহুতল ভবনে বসবাসকারীদের সহযোগিতা প্রয়োজন।
নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি কাজী নজিবুল্লাহ জানান, নিরাপত্তার প্রয়োজনে ইতিমধ্যে অস্থায়ী দোকান উঠিয়ে দেওয়া হয়েছে। আশপাশ এলাকার ভবনমালিক ও বসবাসকারীদের উচিত হবে ভবনের ছাদে অবাধ যাতায়াতের সুযোগ বন্ধ করা। এসব ঘটনায় যারা জড়িত, তাদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানিয়েছেন বিএনপিপন্থী আইনজীবী সানাউল্লাহ মিয়া।