নিরাপত্তাহীনতার দায়ভার কার: মহিলা গণফোরাম
নারীদের নিরাপত্তা ও আইনের সার্বিক প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে মহিলা গণফোরাম। বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের ঘটনায় বিচার চেয়ে আজ মঙ্গলবার সকালে এক মানববন্ধনে সংগঠনটির বক্তারা এ আহ্বান জানান।
মহিলা গণফোরামের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেন, ‘স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি নির্যাতনের শিকার নারী ও শিশুরা। আমরা কেন নিরাপত্তাহীনতায় ভুগছি? এ দায়ভার কার?’
গণফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ও ম শফিকউল্লাহ বলেন, অবৈধ সম্পদ থেকে অপরাধের ঘটনা ঘটছে। সরকারকে আইনের শাসন নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, আইনের মধ্য দিয়ে ধর্ষকদের সঠিক বিচার করতে হবে। তিনি দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
আপন জুয়েলার্সের পাশে দাঁড়ানোয় বাংলাদেশ জুয়েলার্স সমিতির সমালোচনা করেন গণফোরামের উপদেষ্টা সাইদুর রহমান। তিনি বলেন, ‘আপন জুয়েলার্সের মালিককে গ্রেপ্তারের দাবি জানানো উচিত ছিল আপনারদের। তা না করে ধর্ষণকে সমর্থন জানিয়েছেন।’
গণফোরামের নেত্রী গীতা সেনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সংগঠনের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, সভাপতি পরিষদের সদস্য জগলিল হায়দার প্রমুখ।