খুলনার লবণচরায় আলমগীর হোসেন ওরফে বিদ্যুৎ হত্যা মামলা তুলে নিতে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। আসামিরা জামিনে মুক্ত হয়ে বাদী ও তাঁর পরিবারকে এ হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন মামলার বাদী বিদ্যুতের মা জাহানারা বেগম।
মামলা তুলে নিতে তাঁর পরিবারের সদস্য ও সাক্ষীদের প্রাণনাশসহ ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে বলে জানান জাহানারা বেগম। গতকাল সোমবার খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাহানারা বেগম বলেন, ২০১২ সালের ৪ ডিসেম্বর রাতে সন্ত্রাসীরা তাঁর ছোট ছেলে আলমগীর হোসেনকে (২৪) খানজাহান আলী সেতু এলাকায় নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। এর দুই দিন পর ৭ ডিসেম্বর তিনি খুলনা সদর থানায় সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। বর্তমানে অভিযোগপত্র দাখিল হয়ে মামলাটি আদালতে বিচারাধীন।
জাহানারা বেগম অভিযোগ করেন, সন্ত্রাসীরা আলমগীরকে মেরেও ক্ষান্ত হয়নি। জামিনে মুক্ত হয়ে তারা এখন মামলা তুলে নিতে তাঁর বড় ছেলে বিপ্লব ও মামলার সাক্ষীদের প্রাণনাশসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখাচ্ছে। যেকোনো সময় তারা তাঁর পরিবারের সদস্যদের মারাত্মক ক্ষতি করতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। সন্ত্রাসীদের হুমকির ভয়ে লবণচরা ও খুলনা সদর থানায় এ পর্যন্ত চারটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তারপরও হুমকি অব্যাহত রয়েছে।
জাহানারা বেগমের জিডি করার সত্যতা নিশ্চিত করে লবণচরা থানার ওসি মোশারফ হোসেন বলেন, অভিযোগ পাওয়ার পরপরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ব্যাপারে তদন্ত অব্যাহত আছে।