নিরাপত্তাহীনতায় জাতীয় পার্টিরও সমালোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদে কয়েক দিন ধরে বিএনপি, খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দেওয়ার ধারাবাহিকতা গতকাল বুধবারও অব্যাহত ছিল। তবে বিকেলের অধিবেশনে সরকারের সমালোচনা করেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু।
প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে জিয়াউদ্দিন বলেন, ‘এ দেশে আমার নিরাপত্তা নেই, কোনো রাজনীতিবিদের নিরাপত্তা নেই, ১৬ কোটি মানুষের নিরাপত্তা থাকবে কীভাবে?’ তিনি প্রশ্ন রাখেন, ‘নারায়ণগঞ্জ, ফেনী, মিরপুরে যা ঘটেছে, তা কি সুশাসন? ছাত্রলীগের সাবেক সভাপতি নিজ কার্যালয়ে যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়েছেন, এটাই কি সুশাসন?’
দেশের অর্থনীতি, অর্থমন্ত্রী ও পঁুজিবাজারের ওপর মানুষের আস্থা নেই—এ কথা উল্লেখ করে জিয়াউদ্দিন বলেন, হল-মার্ক, ডেসটিনি, বেসিক ব্যাংক ও সোনালী ব্যাংকে যে লুটপাট হয়েছে, তা দেখার দায়িত্ব কার? বেসিক ব্যাংক প্রসঙ্গে তিনি বলেন, সেখানে দুর্নীতি ও লুটপাটের জন্য ব্যাংকের ব্যবস্থাপক ও ব্যবস্থাপনা পরিচালককে বরখাস্ত করা হয়েছে। তিনি বিদ্রূপ করে বলেন, ব্যাংকের পরিচালনা পর্ষদের দায় রইল না, দায়িত্ব শুধু কর্মকর্তাদের। এ সময় জিয়াউদ্দিনের আশপাশ থেকে সরকারদলীয় কয়েকজন সাংসদ ব্যাংকের চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চুকে ইঙ্গিত করে বলেন, উনি তো আপনাদের লোক ছিলেন।
পুঁজিবাজার ধসের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করে জিয়াউদ্দিন বলেন, ‘মানুষের আহাজারি, কান্নাকাটি দেখে মনে করেছিলাম সরকার ইব্রাহিম খালেদের প্রতিবেদনের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কিন্তু কিছুই হলো না।’
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, মধ্যস্তরে দুর্নীতির ব্যাপক প্রসার ঘটেছে। রাজনৈতিক দুর্বৃত্তায়নের সঙ্গে যুক্ত হয়েছে দুর্নীতি, যা রাজনীতিকে পরিপুষ্ট করেছে। দেশে ২৯টি জঙ্গি সংগঠন সক্রিয় থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, কওমি মাদ্রাসার কোমল শিশুদের ব্যবহার করা হচ্ছে। মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে রায় স্থগিত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে।
পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেন, দেশের মানুষ সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি দেখতে চায়। এটা দিতে না পারলে এই বাজেট কার্যকর হবে না।
চিফ হুইপ আ স ম ফিরোজ তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার মতো খবর প্রকাশ করায় ক্ষোভ প্রকাশ করে বলেন, ৩৫ বছর ধরে রাজনীতি করেন। তিনি কেমন লোক তা এলাকায় খোঁজ নিলে জানা যাবে। মঈন উদ্দীন খান বাদল অর্থমন্ত্রীর উদ্দেশে বলেন, এত টাকা খরচ করে উড়ালসেতুসহ অনেক বড় প্রকল্প করছেন, কিন্তু ফুটপাত করছেন না। অথচ ৭০ শতাংশ মানুষ হেঁটে চলাচল করে।
বিকেলে স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া অধিবেশনে সভাপতিত্ব করেন। অধিবেশনের শেষ ভাগে ডেপুটি স্পিকার বলেন, সাংসদদের অনেকেই বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে চলে যান। এটা সুস্থ রাজনীতির লক্ষণ নয়৷ তিনি অধিবেশন শেষ হওয়া পর্যন্ত সাংসদদের অবস্থান করার অনুরোধ জানান।