নিরাপত্তাহীনতায় বাড়িছাড়া স্ত্রী ও তিন ভাইয়ের পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের গোপালপুরে দরজি নিখিল চন্দ্র জোয়ারদার হত্যা মামলার তদন্তে অগ্রগতি নেই। নতুন কোনো আসামিও গ্রেপ্তার হয়নি। এ অবস্থায় নিরাপত্তাহীনতার কারণে বাড়ি ছেড়ে চলে গেছে নিখিলের স্ত্রী ও তাঁর ভাইদের পরিবার।
নিহত নিখিলের স্ত্রী আরতি জোয়ারদার গতকাল রোববার দুপুরে প্রথম আলোকে বলেন, তাঁরা আতঙ্কে দিন কাটাচ্ছেন। তাঁরা বাড়িতে থাকতে সাহস পাচ্ছেন না। তাই তিনি বাড়িতে নেই।
নিখিলের তিন ভাইয়ের পরিবারও বাড়ি ছেড়ে চলে গেছে। তাঁর বড় ভাই প্রয়াত অখিল জোয়ারদার, ছোট ভাই গোপাল জোয়ারদার ও আরেক ভাই প্রয়াত ভোলানাথ জোয়ারদার—সবার পরিবার বাড়ি ছেড়েছে। তারা কেউ কেউ দূরে আত্মীয়ের বাড়িতে উঠেছে।
পরিবারের সবার এভাবে বাড়ি ছাড়ার বিষয়ে জানতে চাইলে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, ‘নিখিল হত্যাকাণ্ডের পর তাঁর পরিবারের সবাই মানসিকভাবে ভেঙে পড়েছেন। তাই তাঁরা অন্যত্র চলে গেছেন। তবে আমাদের সঙ্গে তাঁদের যোগাযোগ আছে।’
গত ৩১ এপ্রিল দুপুরে টাঙ্গাইলের গোপালপুর শহরের ডুবাইল বাজারে নিজের দোকানে কাজ করছিলেন নিখিল চন্দ্র। হঠাৎ তিন দুর্বৃত্ত একটি মোটরসাইকেলে করে সেখানে এসে তাঁকে ডেকে দোকানের সামনে নিয়ে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে।
দুর্বৃত্ত তিনজনের মধ্যে একজনের মাথায় হেলমেট ছিল। বাকিরা খালি মাথায় থাকলেও তাদের কাউকে আশপাশের কেউ চিনতে পারেনি। ঘটনার পর জঙ্গি সংগঠন আইএস এ হত্যার দায় স্বীকার করে।
এ ঘটনায় নিখিলের স্ত্রী আরতি জোয়ারদার অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে গোপালপুর থানায় হত্যা মামলা করেন। বিস্ফোরক দ্রব্য বহন ও প্রয়োগ-সংক্রান্ত আইনে আরেকটি মামলা করেন থানার উপপরিদর্শক (এসআই) মোকছেদুল আলম। দুটি মামলাই তদন্ত করছে টাঙ্গাইল গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এ হত্যাকাণ্ডের পর সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয় আলমনগর মাদ্রাসার অধ্যক্ষ আমিনুল ইসলাম মারুফি, গোপালপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি রফিকুল ইসলাম বাদশা ও বীরনহরা গ্রামের বিএনপি কর্মী ঝন্টু মিয়াকে। তাঁদের দুটি মামলায় তিন দিন করে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের কিছু দূর থেকে একটি রক্তাক্ত শার্ট উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া ডুবাইল বাজার থেকে প্রায় দুই কিলোমিটার পশ্চিমে গোপালপুর উপজেলার সুতি কালীবাড়ি অটো রাইচ মিলের পাশের একটি ঝোপ থেকে উদ্ধার করা হয় রক্তমাখা চাপাতি। পুলিশের ধারণা, নিখিল হত্যার সময় তাঁর রক্ত খুনির শার্টে লাগে এবং হত্যাকাণ্ডে এই চাপাতিটিই ব্যবহার হয়। রক্তমাখা চাপাতি ও শার্টের ডিএনএ পরীক্ষার জন্য ৯ মে তা ঢাকায় পাঠানো হয়।
তদন্ত-সংশ্লিষ্ট এক পুলিশ কর্মকর্তা বলেন, নিখিল হত্যাকাণ্ডে ছয়-সাতজনকে সন্দেহের তালিকায় রাখা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাদের গ্রেপ্তার করা গেলে হত্যার রহস্য উদ্ঘাটিত হবে।
জানতে চাইলে টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মাহফীজুর রহমান বলেন, নিখিল হত্যার রহস্য এখনো উদ্ঘাটন করা সম্ভব হয়নি। তদন্ত চলছে। রক্তমাখা শার্ট ও চাপাতির ডিএনএ পরীক্ষার প্রতিবেদন এখনো হাতে আসেনি। প্রতিবেদন পেলে পরবর্তী কার্যক্রম শুরু হবে।