নিরাপত্তাহীনতায় ভুগছে শিক্ষকসমাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মস্থলে একের পর এক হামলার শিকার হচ্ছেন শিক্ষকেরা। মানুষ গড়ার কারিগরদের ওপর এ ধরনের হামলার ঘটনা কোনোভাবেই কাম্য হতে পারে না। শিক্ষকসমাজ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। এভাবে হামলার ঘটনা ঘটতে থাকলে শিক্ষকতার মতো মহান পেশায় আগ্রহ হারিয়ে ফেলবেন মেধাবী ব্যক্তিরা। চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গতকাল শুক্রবার সকালে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে শিক্ষকেরা এসব কথা বলেন।
পটিয়া ও সীতাকুণ্ডে প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির চট্টগ্রাম জেলা ও নগর শাখা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
১৪ মার্চ সকালে পটিয়া উপজেলার দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের পূর্ব ডেঙ্গাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঢুকে শিক্ষক মিসফা সুলতানাকে শাবল দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকেন বখাটে আহসান উল্লাহ। এ সময় তিনি আত্মরক্ষার্থে দৌড়ে স্কুলের মাঠে চলে যান। সেখানেও তাঁকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করা হয়। বখাটেকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। এ ছাড়া ১৯ মার্চ ক্লাস চলাকালে সীতাকুণ্ডের বার আউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নাসিম উদ্দিনের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় মামলা হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
কাজী নাসিম উদ্দিনের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিকে সাত দিনের মধ্যে গ্রেপ্তার করার জন্য গতকালের সমাবেশে সময়সীমা বেঁধে দিয়েছেন শিক্ষক নেতারা।
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির চট্টগ্রাম জেলার সভাপতি কাইছারুল আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সিদ্দিকী; জ্যেষ্ঠ সহসভাপতি শহীদুল্লাহ, এস এম আতিকুল ইসলাম, জসীম উদ্দিন তালুকদার, শাহীনুল ইয়াসমিন ও উত্তম চক্রবর্তী; সহসাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম; নগর শাখার সহসভাপতি শামীম আখতার জাহান প্রমুখ।