নিরাপত্তাহীনতায় ভুগছেন হামলায় আহত প্রকৌশলী
দুর্বৃত্তদের হামলায় আহত খাগড়াছড়ির রামগড় পৌরসভার উপসহকারী প্রকৌশলী টিটন দাশ নিরাপত্তাহীনতায় ভুগছেন। ২৩ মার্চ তিনি দুর্বৃত্তদের হামলায় আহত হন।টিটন দাশের অভিযোগ, রামগড় পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী শাহজাহানের নির্দেশে যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত কয়েকজন ব্যক্তি তাঁকে মারধর করে। তবে পৌর মেয়র এ অভিযোগ অস্বীকার করেছেন।২৩ মার্চ টিটন দাশ রামগড় থানায় পৌর মেয়রসহ আটজনকে আসামি করে মামলা করেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ সেদিনই সুমন বড়ুয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। আহত টিটন দাশ চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন। তিনি প্রথম আলোকে বলেন, ২০১২-১৩ অর্থবছরে ছয় লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে সোনাইপুল বাজার শেড নির্মাণের প্রকল্প নেওয়া হয়। কিন্তু কাজ ভালোভাবে শুরুর আগেই ২৩ মার্চ যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত হেলাল উদ্দিন, শফিক, হারুণ, মো. রাকিব তাঁর বাসায় এসে বিলে সই করার জন্য তাঁকে চাপ দেন। তিনি সই দিতে অস্বীকৃতি জানালে তাঁরা লাঠিসোঁটা দিয়ে তাঁকে মারধর করেন।টিটন দাশ বলেন, ‘পৌর মেয়র কাজী শাহজাহানই লোকজন পাঠিয়ে আমাকে হত্যার চেষ্টা করেন। ঘটনার প্রমাণ নষ্ট করার জন্য তিনি পৌরসভার একজন কর্মীকে দিয়ে মেঝের রক্ত পানি দিয়ে ধুয়ে ফেলেন।’ টিটন দাশ বলেন, পৌর মেয়রকে ১ নম্বর ও হুকুমের আসামি হিসেবে উল্লেখ করা হলেও কাজী শাহজাহানকে ৮ নম্বর আসামি হিসেবে দেখানো হয়েছে। টিটন দাশ বলেন, তিনি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন। এদিকে পৌর মেয়র কাজী শাহজাহান ২৫ মার্চ পৌর মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সমেঞ্চলনে বলেন, তাঁর বিরুদ্ধে প্রকৌশলীর আনা অভিযোগ মিথ্যা ও বানোয়াট। এ ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। মেয়র বলেন, ছুটির দিন হওয়ায় ২৩ মার্চ তিনি পৌর কার্যালয়ে ছিলেন না। জেলা প্রশাসক তাঁকে মুঠোফোনে ঘটনাটি জানান। তিনি তাৎক্ষণিকভাবে কার্যালয়ে এসে খোঁজখবর নিয়ে জানতে পারেন, ঠিকাদারি কাজের ভাগ-বাঁটোয়ারা নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান বিটি ট্রেডার্সের মালিক পেয়ার আহমেদ ও প্রকৌশলী টিটন দাশের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে দুজনে মারামারিতে জড়িয়ে পড়েন। মেয়র বলেন, পরে তিনি আহত প্রকৌশলীকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন ও রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন চৌধুরী বলেন, ‘মামলাটি এখন আমার কাছে নেই। এটি গোয়েন্দা শাখাকে (ডিবি) দেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘মামলায় ১ নম্বর বা ৮ নম্বর আসামি উল্লেখ করা কোনো ব্যাপার না।’