নিরাপত্তাহীনতায় ভোগেন ৯৩ শতাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর শহরের ৯৩ শতাংশ নারী বিভিন্ন ধরনের সেবা গ্রহণের ক্ষেত্রে নিরাপত্তাহীনতায় ভোগেন। এ কারণে এই শহরের ৬৬ শতাংশ নারী একা বাইরে চলাফেরা করেন না। ফরিদপুরসহ দেশের সাতটি শহরের ওপর পরিচালিত এক গবেষণা প্রতিবেদনের ফলাফলে এ তথ্য উপস্থাপন করা হয়েছে।গত বুধবার বিকেলে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করে ‘নারীর জন্য সহিংসতামুক্ত নিরাপদ শহর’ শীর্ষক ওই গবেষণার ফলাফল প্রকাশ করা হয়। অপর শহরগুলো হচ্ছে। চুয়াডাঙ্গা, নেত্রকোনা, পাবনা, কুড়িগ্রাম, নরসিংদী ও ঢাকা পশ্চিম। গত আগস্ট ও সেপ্টেম্বর মাসে ফরিদপুরসহ এসব শহর থেকে গবেষণার জন্য তথ্য সংগ্রহ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক সানজীদা আখতার। তাঁকে সহযোগিতা করেন একই বিভাগের প্রভাষক হেলাল হোসেন ঢালী। এই গবেষণা চালাতে সহায়তা করেছে বেসরকারি সংস্থা অ্যাকশনএইড বাংলাদেশ। গবেষণার ফলাফলে শহরগুলোতে নারীর চলাচল ও কর্মক্ষেত্র, গৃহে অবস্থানকালে তারা যেসব সহিংসতা ও অসুবিধার সম্মুখীন হয়, তা তুলে ধরা হয়েছে।গবেষণার ফলাফলে আরও উল্লেখ করা হয়েছে, ফরিদপুরে ৯০ শতাংশ নারী পথেঘাটে অসুবিধার সম্মুখীন হন, ৮৩ শতাংশকে লক্ষ্য করে অশ্লীল মন্তব্য করা হয় এবং ৭০ শতাংশ পারিবারিক কলহের শিকার হন।ফলাফলে উল্লেখ করা হয়েছে, ফরিদপুরের সিভিল সার্জন, পৌর কাউন্সিলর, মহিলাবিষয়ক কর্মকর্তা, আইনজীবীসহ সবাই দাবি করেছেন, তাঁরা নিজেদের অবস্থানে থেকে সহিংসতার শিকার নারীদের সাহায্য দিয়ে যাচ্ছেন। এই গবেষণা প্রতিবেদনের ফরিদপুর শহর অংশের তথ্য প্রকাশে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ পর্ষদ, রাসিন, ফরিদপুর পৌরসভা ও অ্যাকশনএইড বাংলাদেশ সহায়তা করেছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ফরিদপুরের পুলিশ সুপার জামিল হাসান। এতে সভাপতিত্ব করেন পৌর মেয়র শেখ মাহতাব আলী। সিভিল সার্জন সিরাজুল হক তালুকদার, বেসরকারি সংস্থা ফুলকির সভাপতি অঞ্জলি বালা, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার প্রমুখ এতে বক্তৃতা করেন।