নিরাপত্তাহীনতায় মামুনের স্ত্রী, সাক্ষাৎ চান প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে চান সাতক্ষীরায় জামায়াত-শিবিরের হামলায় নিহত মামুন হোসেনের স্ত্রী জান্নাতুল ফেরদৌসি আলম।গতকাল সোমবার রাজধানীর তোপখানা রোডে শহীদ আসাদ মিলনায়তনে সাতক্ষীরায় সাম্প্রতিক সহিংসতার পরিস্থিতি সরেজমিনে দেখতে যাওয়া নাগরিক প্রতিনিধিদলের সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে তিনি তাঁর এই ইচ্ছার কথা জানান।নিহত মামুন সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। গত ২৮ ফেব্রুয়ারি জামায়াত-শিবিরের হামলায় তিনি মারা যান বলে অভিযোগ করেন জান্নাতুল ফেরদৌসি। মামুনের স্ত্রী বলেন, ওই ঘটনার পর থেকে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা জামায়াত-শিবিরসহ বিভিন্ন মহলের হুমকির মুখে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঢাকায় আসার জন্য তাঁকে বেনামে গাড়ির টিকিট কাটতে হয়েছে। এসব বিষয়সহ আরও কিছু বিষয় তিনি প্রধানমন্ত্রীকে জানাতে চান। সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় চোখের জল ধরে রাখতে পারেননি তিনি। কান্না করতে করতেই চোখের সামনে স্বামী হারানোর মর্মস্পর্শী বর্ণনা দেন। একই সঙ্গে তাঁর স্বামীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। সম্প্রতি সাতক্ষীরায় সরেজমিন ঘুরে আসার চিত্র তুলে ধরতে নাগরিক প্রতিনিধিদল এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন নাগরিক প্রতিনিধিদলের সদস্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রাজীব মীর।সম্মেলনে জানানো হয়, নাগরিক প্রতিনিধিদলের সদস্যরা দেখতে পেয়েছেন, সহিংসতার সময়ে সাতক্ষীরার স্থানীয় প্রশাসন, সরকার-সমর্থক জনপ্রতিনিধি ও নেতা-কর্মীরা তাণ্ডবের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারেননি। ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বের সঙ্গে জামায়াতের নেতাদের পারিবারিক সখ্য আছে। জনগণের নিরাপত্তা দিতে রাষ্ট্রযন্ত্র ব্যর্থতার পরিচয় দিয়েছে। এ ব্যর্থতার কারণ অনুসন্ধান করে সেগুলো দূরীকরণে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।সম্মেলনে ওই ঘটনার ব্যাপারে পদক্ষেপ নিতে কিছু সুপারিশ করা হয়। তা হলো: আক্রমণকারীরা যেহেতু চিহ্নিত, তাই আইনি ব্যবস্থার মাধ্যমে দ্রুত বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদান, প্রশাসনের যাঁরা ব্যর্থতার পরিচয় দিয়েছেন, তাঁদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া, ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা করে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করা, যে রাজনৈতিক অপশক্তি ধর্মীয় উন্মাদনা ছড়াচ্ছে, সেটাকে নিষিদ্ধ করা। সংবাদ সম্মেলনে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করারও দাবি তোলা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য বিমল বিশ্বাস, গণঐক্যের সদস্যসচিব এস এম সবুর, কমিউনিস্ট কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক অসিত বরণ রায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রোবায়েত ফেরদৌস প্রমুখ।