চট্টগ্রামের মিরসরাই উপজেলার উপকূলীয় বিভিন্ন ইউনিয়নের ৩০ কিলোমিটার জনপদে জনসংখ্যা প্রায় দুই লাখ। তাদের নিরাপত্তার জন্য নেই পুলিশ; সাগর এলাকা রক্ষার জন্য নেই কোস্টগার্ড। এখানকার বাসিন্দারা প্রতিনিয়ত জলদস্যু ও সন্ত্রাসী দ্বারা আক্রান্ত হয়। স্থানীয় লোকজন জানান, গত চার বছরে উপকূলীয় মহিষের খামারগুলো থেকে জলদস্যুরা চার শতাধিক মহিষ, ৩০টি ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকা, শতাধিক জেলের জাল লুট করে। এ ছাড়া মুক্তিপণ আদায়ের জন্য অন্তত ৫০ জন জেলেকে অপহরণ করে জলদস্যুরা। এসব জলদস্যুর অধিকাংশ সন্দ্বীপের উড়িরচর থেকে আসে। উপকূলে জলদস্যুদের হামলা, লুট, অপহরণসহ নানা ঘটনায় মিরসরাই থানায় অসংখ্য মামলা ও সাধারণ ডায়েরি রয়েছে। সর্বশেষ চলতি বছরের ১৭ অক্টোবর জলদস্যুরা বামনসুন্দর বিট এলাকা থেকে খামারিদের ৭৩টি মহিষ লুট করে নিয়ে যায়। সরেজমিনে গেলে স্থানীয় ভুক্তভোগী মোজাম্মেল হক, মকসুদ আহাম্মদ, শাহ আলম, কামাল উদ্দিন, আলমগীর, মোশাররফ হোসেনসহ আরও অনেকে জানান, তাঁরা জলদস্যুদের দ্বারা সর্বস্বান্ত হয়েছেন। তাঁদের একমাত্র আয়ের উৎস মহিষ পালন। চার বছরে তাঁদের চার শতাধিক মহিষ লুটে নিয়েছে জলদস্যুরা। বর্তমানে তাঁরা আতঙ্কে জীবনযাপন করছেন। কারণ, জলদস্যুদের সহায়তা করে স্থানীয় সন্ত্রাসীরা। ফলে থানায় মামলা করাও বিপদ। মঘাদিয়া গ্রামের সোলেমান বাদশা বলেন, সন্দ্বীপের উড়িরচর, নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার জাহিদ্যার চর ও চরলক্ষ্মীতে প্রায় ৯০ জনের একটি সংঘবদ্ধ জলদস্যুর দল রয়েছে। তারা মহিষ, উপকূলীয় বনাঞ্চলের গাছ, জেলেদের নৌকা ও জাল লুট করে নিয়ে যায়।শাহেরখালী ইলিশ ঘাটের জেলেসর্দার ঊষা রঞ্জন দাশ জানান, ৩০ বছরের বেশি সময় ধরে এখানকার জেলেদের ওপর নির্যাতন চলছে। এখন এটা নিয়মে পরিণত হয়েছে। শাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা জানান, গত অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত উপকূলে কোস্টগার্ড ছিল। তখন জলদস্যুদের উৎপাত কিছুটা কমেছিল। বর্তমানে কোস্টগার্ড না থাকায় উৎপাত বেড়ে গেছে।মিরসরাই উপকূলীয় বন বিভাগের বামনসুন্দর বন বিটের কর্মকর্তা মাহমুদ হাসান ও মঘাদিয়া বন বিটের কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, বনায়নের নিরাপত্তার জন্যও কোস্টগার্ডের প্রয়োজনীয়তা রয়েছে। মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহম্মদ আশরাফ হোসেন উপকূলের বিভিন্ন সমস্যার কথা স্বীকার করে বলেন, উপকূলীয় এলাকায় আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কোস্টগার্ডের একটি স্থায়ী ক্যাম্প জরুরি। ১১ নভেম্বর চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা সমন্বয় সভায় তিনি এ দাবি জানিয়েছেন। তিনি আশা করেন, উপকূলবাসীর নিরাপত্তার জন্য জরুরি ভিত্তিতে কোস্টগার্ডের ক্যাম্প স্থাপন করা হবে।মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইমতিয়াজ এমএকে ভূঁইয়া বলেন, উপকূলীয় এলাকায় সন্ত্রাস বা দস্যুতা হলে দূরত্ব বা যোগাযোগের কারণে থানার পুলিশ যথাসময়ে পৌঁছাতে পারে না। তদন্ত করতেও ঝামেলায় পড়তে হয়। অনেকে ভয়ে থানায় মামলা করতেও আসে না। মূলত উপকূলীয় এলাকায় কোস্টগার্ড থাকা জরুরি।