সিলেটের এমসি কলেজের ছাত্রীরা প্রতিনিয়তই উত্ত্যক্তের শিকার হচ্ছেন। উত্ত্যক্তকারীরা বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্রসংগঠনের কর্মী হওয়ায় নিরাপত্তাহীনতার কথা ভেবে নীরবে থাকেন ছাত্রীরা। কোনো নির্দিষ্ট অভিযোগ না পাওয়ায় পুলিশও এ ব্যাপারে ব্যবস্থা নিতে পারছে না।
১৮৯২ সালে নগরের টিলাগড় এলাকায় এমসি কলেজ প্রতিষ্ঠিত হয়। কলেজ প্রতিষ্ঠার পর ছাত্রদের জন্য ছাত্রাবাস চালু হলেও ছাত্রীনিবাস প্রতিষ্ঠিত হয়েছে ২০০০ সালে। প্রায় পাঁচ হাজার ছাত্রী পড়াশোনা করেন কলেজটিতে। তবে ছাত্রীনিবাসে কেবল ৮৮ জনের আবাসনের ব্যবস্থা রয়েছে। দূরদূরান্তের প্রায় তিন হাজার ছাত্রী কলেজ ছাত্রীনিবাসে আবাসনসুবিধা না পেয়ে মেসে থাকছেন।
কলেজের পাশের টিলাগড়, শাপলাবাগ, শিবগঞ্জ, সাদিপুর, মেজরটিলা, গোলাপবাগ, লামাপাড়া, লাকড়িপাড়া, গোপালটিলা, উপশহর, ইসলামপুর এলাকায় ছাত্রীদের মেসের পরিমাণ বেশি। একাধিক ছাত্রীর অভিযোগ, এসব এলাকা ঘিরে সকাল, দুপুর ও বিকেলে আড্ডা জমায় উত্ত্যক্তকারীরা। তাদের হাতে ছাত্রীরা নানা সময়ে লাঞ্ছনার শিকার হচ্ছেন। পাড়াগুলোতে বহিরাগতদের উৎপাত বেশি থাকলেও টিলাগড়ে ছাত্রীদের বিভিন্ন রাজনৈতিক দলের ছাত্রসংগঠনের কর্মী-সমর্থকেরা উত্ত্যক্ত করেন।
কলেজের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের এক ছাত্রী বলেন, কিছুদিন আগে তাঁর পিছু নেয় পাড়ার একদল তরুণ। কলেজের পাশের এলাকার একটি মেসে থাকেন তিনি। মাস খানেক আগে ওই ছেলেদের একজন তাঁকে প্রেমের প্রস্তাব দেয়। সাড়া না পেয়ে নিয়মিত অপরিচিত মুঠোফোন নম্বর থেকে কল করে অশালীন উক্তি করে। পরে তিনি (ছাত্রী) মুঠোফোন নম্বর পরিবর্তন করেন। এরপর কলেজে যাওয়া-আসার পথে রাস্তায় উত্ত্যক্ত করা শুরু করে। ছেলেটি একটি ছাত্রসংগঠনের কর্মী হওয়ায় ভয়ে কোথাও অভিযোগও করছেন না তিনি।
মেসে কেবল ছাত্রীরা থাকায় তাঁরা আতঙ্ক ও চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভুক্তভোগী ছাত্রীদের দাবি, অন্তত কয়েক শ আসনবিশিষ্ট ছাত্রীনিবাস প্রতিষ্ঠা করা জরুরি হয়ে পড়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কোনো কারণ ছাড়াই তাঁরা রাস্তায় যাতায়াত করার সময় মেয়েদের দেখে শিস দেয়, মুঠোফোনে ছবি তোলার চেষ্টা করে। কোনো কোনো সময় নির্জন রাস্তা থাকলে ওড়না ধরে টানাটানি পর্যন্ত করে।’ নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে এক ছাত্রী জানান, কে বা কারা তাঁর নামে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একটি মিথ্যা আইডি খুলেছে। তবে তাঁর ধারণা, তাঁকে উত্ত্যক্তকারীরাই এ কাজ করেছে।
টিলাগড় মোড় ও শাপলাবাগ এলাকায় দেখা গেছে, এসব এলাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোড়ে মোড়ে অনেক ছেলের ভিড় লেগে থাকে। প্রায় সময় তাদের অনেকে ছাত্রীদের দেখে আপত্তিকর মন্তব্য করে। কখনো মোটরসাইকেলযোগে পাড়া-মহল্লায় ঘুরে বেড়ায় তারা। বিশেষ করে সকালবেলা ছাত্রীদের কলেজে যাওয়ার সময়, দুপুরে ফেরার সময়। তা ছাড়া, বিকেলে ছাত্রীদের বাজারাদি সারতে বাইরে বেরোনোর সময়ও তারা সংখ্যায় বেশি থাকে। তাদের বাজে আচরণের প্রতিবাদ জানাতে গেলে এলাকার লোকজনও হেনস্তা হয়।
উপাধ্যক্ষ হায়াতুল ইসলাম বলেন, ‘উত্ত্যক্তকারীদের উপদ্রব ঠেকাতে পুলিশকে এসব এলাকায় সার্বক্ষণিক টহল দিতে হবে। এটা সম্ভব হলে তারা ভয় পেয়ে আর ওদিক যাবে না। এর বাইরে আমরা কলেজ কর্তৃপক্ষ এ ধরনের কোনো অভিযোগ পেলে তাৎক্ষণিক ওই সব এলাকায় গিয়ে ব্যবস্থা নিই।’
মহানগর পুলিশের শাহপরান থানার ওসি মো. সাখাওয়াৎ হোসেন বলেন, ‘মাস দুয়েক আগে টিলাগড় এলাকায় মাদকসেবী ও উত্ত্যক্তকারীদের ধরতে পুলিশ একটি অভিযান চালায়। তখন চারজনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া প্রতিদিনই এসব এলাকায় পুলিশের একটি দল নিয়মিতভাবে টহল দেয়। বিশেষ করে কলেজ শুরু ও ছুটির সময় সিভিল পোশাকেও পুলিশ ওই সব এলাকায় অবস্থান নিয়ে উপদ্রব ঠেকাতে কাজ করে চলেছে।’