চট্টগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের সময় নিরাপত্তা জোরদার করতে পুলিশের প্রায় চার হাজার সদস্য মোতায়েন করা হচ্ছে। এর মধ্যে পুলিশের এক হাজার ৮০০ সদস্য চট্টগ্রামের বাইরের জেলা থেকে আনা হচ্ছে। এ ছাড়া প্রধানমন্ত্রীর সফর পর্যন্ত চট্টগ্রাম নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনো অবনতি না হয়, সে ব্যাপারে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর পুলিশের মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। বিকেলে মহানগর পুলিশ কমিশনারের সম্মেলনকক্ষে এ বৈঠক হয়। পুলিশ কমিশনার মো. আবুল কাশেমের সভাপতিত্বে বৈঠকে অতিরিক্ত কমিশনার আবদুল জলিল মণ্ডল, চার উপকমিশনার, সব সহকারী কমিশনার ও ১২ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) উপস্থিত ছিলেন। বেলা পৌনে তিনটা থেকে বিকেল সোয়া চারটা পর্যন্ত বৈঠক চলে।এর আগে দুপুর ১২টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলনকক্ষে সমন্বয় সভা হয়। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার সিরাজুল হক খানের সভাপতিত্বে এ সভায় সংশ্লিষ্ট সব সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।চারটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আগামী বুধবার চট্টগ্রাম আসছেন। এদিন তিনি কর্ণফুলী নদীতে নবনির্মিত সেতু, শিকলবাহায় ১৫০ মেগাওয়াট বিদ্যুেকন্দ্র, সদ্যস্থাপিত কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি লিমিটেড এবং চট্টগ্রামের নবনির্মিত আদালত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।প্রশাসন সূত্রে জানা যায়, বুধবার সকালে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটির শিকলবাহা বিদ্যুেকন্দ্রে অবতরণের কথা ছিল। এর প্রস্তুতি হিসেবে এসএসএফের কর্মকর্তারা গতকাল সকালে পরীক্ষামূলকভাবে ওই কেন্দ্রে হেলিকপ্টার অবতরণের চেষ্টা চালান। তিন দফায় চেষ্টা চালিয়েও সেখানে হেলিকপ্টার অবতরণ করানো সম্ভব হয়নি। এ অবস্থায় বিকল্প কোনো স্থানে হেলিকপ্টার নামানোর চেষ্টা করা হচ্ছে।প্রধানমন্ত্রীর নিরাপত্তাব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত একজন কর্মকর্তা বলেন, শিকলবাহা বিদ্যুেকন্দ্রে বিদ্যুতের তার ও পিলারের কারণে হেলিকপ্টার নামানো যাচ্ছে না। হেলিকপ্টার কোথায় নামবে তা আজ শুক্রবারের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে।গতকাল শিকলবাহা বিদ্যুেকন্দ্রে হেলিকপ্টার অবতরণ করাতে না পারার বিষয়টি নিশ্চিত করেন মহানগর পুলিশের বিশেষ শাখার উপকমিশনার মো. ময়নুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, হেলিকপ্টার অবতরণের জন্য বিকল্প জায়গা খোঁজা হচ্ছে।