বাংলাদেশ ব্যাংকের সার্ভারের নিরাপত্তায় ফাঁকফোকর রেখে গিয়েছিলেন সুইফটের টেকনিশিয়ানরা। এ কারণেই হ্যাকাররা সহজেই এই সার্ভারে ঢুকে টাকা সরিয়ে নিতে সক্ষম হয়েছিল বলে মনে করছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তদন্তকারীরা। টেকনিশিয়ানদের এ কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলে তাঁদের কাছে ব্যাখ্যা চাওয়ার উদ্যোগ নিয়েছে সিআইডি। সিআইডি বলছে, ওই টেকনিশিয়ানরা হ্যাকারদের সহায়তার জন্য ইচ্ছেকৃতভাবেই ওই ফাঁকফোকর তৈরি করে রেখেছিলেন, না এটা তাঁদের অসাবধানতাবশত ভুল, সে বিষয়টিও এখন স্পষ্ট নয়।
আর্থিক লেনদেনের বার্তা আদান-প্রদানকারী আন্তর্জাতিক মাধ্যম সুইফটের টেকনিশিয়ানরা রিজার্ভ থেকে ফিলিপাইনে ৮ কোটি ১০ লাখ ডলার চুরির তিন মাস আগে সুইফট মেসেজিংয়ে ব্যাংকের নতুন একটি লেনদেন পদ্ধতি যুক্ত করে। এ সময়েই তাঁরা সার্ভারের নিরাপত্তার ফাঁকগুলো ছেড়ে যান বলে তদন্তে পেয়েছে সিআইডি।
সিআইডির তদন্তকারী দলটির প্রধান অতিরিক্ত ডিআইজি মো. শাহ আলম গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, সুস্পষ্ট নির্দেশনা ও পরিকল্পনা দিয়ে টেকনিশিয়ানদের বাংলাদেশে কাজ করতে পাঠিয়েছিল সুইফট। কিন্তু এখানে তাঁরা সুইফট সদর দপ্তরের নিজস্ব পদ্ধতি ও নির্দেশনা পুরোপুরি মেনে চলেননি। তাঁরা পরিকল্পনার বাইরে গিয়েও কিছু কাজ করেছেন। বেশ কিছু নিরাপত্তা দুর্বলতা রেখেই তাঁরা চলে গেছেন। তাঁদের এই কর্মকাণ্ড অবশ্যই প্রশ্নসাপেক্ষ। এ বিষয়ে সুইফটের টেকনিশিয়ানদের কাছেও ব্যাখ্যা চাওয়া হবে। এখানে সুইফটের সাত-আটজন টেকনিশিয়ান কাজ করেছেন। তাঁদের মধ্যে পাঁচজনের বক্তব্য জানতে চেয়ে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে যোগাযোগ করা হচ্ছে।
ওই টেকনিশিয়ানরা কোনো অশুভ পরিকল্পনা বাস্তবায়নের জন্য ইচ্ছেকৃতভাবেই কিছু ফাঁকফোকর তৈরি করে গেছেন কি না, জানতে চাইলে অতিরিক্ত ডিআইজি বলেন, পরিকল্পনার বাইরে গিয়ে তাঁদের কাজ করার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলার সুযোগ তো রয়েছেই। তবে আত্মপক্ষ সমর্থনের সুযোগ রেখে তাঁদের (টেকনিশিয়ানদের) ব্যাখ্যা জানার পরেই বিষয়টি পরিষ্কার হবে। দায়দায়িত্ব নিরূপণ সহজ হবে।
বিবিসিকে ইব্রাহিম খালেদ:
বাংলাদেশ ব্যাংকের সার্ভার সুইফটের অবহেলার কারণে অরক্ষিত হয়ে থাকতে পারে। কিন্তু এ ধরনের ত্রুটি চিহ্নিত করতে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব কোনো সক্ষমতা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন ব্যাংকিং বিষয়ে বিশ্লেষক বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ। গতকাল তিনি সংবাদমাধ্যম বিবিসিকে বলেন, ‘যন্ত্রের পেছনের যে মানুষগুলো, যারা যন্ত্রকে চালাবে, তাদের রিস্ক ম্যানেজমেন্টের অতটা উপযুক্ত করে গড়ে তোলা সম্ভব হয়নি। কারণ মেশিন অ্যাকোয়ার করা আর হিউম্যান ডেভেলপমেন্ট করা-দুটো দুই রকমের। হিউম্যান ডেভেলপমেন্টটা একটু সময়সাপেক্ষ ব্যাপার। অনেক তৎপরতারও দরকার। টেকনোলজি অ্যাকোয়ারমেন্টের জন্য যে পরিমাণ বাজেট বরাদ্দ ছিল, তা এখনো আছে, আর অতি সামান্য অংশ আমরা প্রশিক্ষণেও ব্যয় করতে পারছি না।’
গত ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সাইবারের দুর্বলতাকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে (নিউইয়র্ক ফেডে) রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরির ঘটনা ঘটে। এর মধ্যে ২ কোটি ডলার চলে যায় শ্রীলঙ্কায় আর বাকি ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপাইনে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, শ্রীলঙ্কা থেকে দুই কোটি ডলার ফেরত পাওয়া গেছে। তবে ফিলিপাইনে যাওয়া অর্থ এখনো ফিরে পাওয়া যায়নি।