চট্টগ্রামে অনুষ্ঠেয় শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল প্রতিযোগিতায় নিরাপত্তার দায়িত্বে থাকবে ৮০০ পুলিশ। হোটেল থেকে খেলোয়াড়দের স্টেডিয়ামে আনা-নেওয়ার পথেও থাকবে বাড়তি নিরাপত্তা। গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
এর আগে দুপুরে পুলিশ কমিশনারের কার্যালয়ে প্রতিযোগিতার প্রস্তুতি নিয়ে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) কর্মকর্তা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় সভা হয়।
সভা শেষে সাংবাদিকদের পুলিশ কমিশনার বলেন, ১৮ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত চট্টগ্রামে দ্বিতীয়বারের মতো শেখ কামাল ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এতে মোট আটটি দল অংশ নেবে। এর মধ্যে পাঁচটি বিদেশি। খেলা এবং খেলোয়াড়দের নিরাপত্তার জন্য স্টেডিয়াম এলাকায় ৭০০ থেকে ৮০০ পুলিশ সদস্য থাকবেন। পাশাপাশি র্যা ব ও গোয়েন্দা সংস্থার লোকজনও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবেন।
আটটি দলের খেলোয়াড়দের নগরের পাঁচটি হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে উল্লেখ করে পুলিশ কমিশনার বলেন, হোটেলেও নিরাপত্তা দল মোতায়েন করা হবে। অনুশীলন মাঠেও একই ব্যবস্থা থাকবে। মাঠে মুঠোফোন ছাড়া আর কিছু নিয়ে প্রবেশ করতে পারবেন না দর্শকেরা।
সংবাদ সম্মেলনে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ কমিশনার দেবদাস ভট্টাচার্য, মাসুদ উল হাসান, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) অতিরিক্ত সাধারণ সম্পাদক ও টুর্নামেন্ট কমিটির সমন্বয়ক সৈয়দ শাহাবুদ্দিন শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।
শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবলের বিদেশি দলগুলো হলো আফগানিস্তানের শাহিন আসমাই এফসি, দক্ষিণ কোরিয়ার পোচেন সিটিজেন, নেপালের মানাং মার্সিয়াংদি, কিরগিজস্তানের এফসি আলগা ও মালদ্বীপের টিসি স্পোর্টস। টুর্নামেন্টের আয়োজক চট্টগ্রাম আবাহনী। এই প্রতিযোগিতার প্রথম আসর বসে ২০১৫ সালে।