নিরাপদ অঞ্চলের প্রস্তাব নাকচ মিয়ানমারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সীমান্তের কাছে মিয়ানমারের অভ্যন্তরে নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাব নাকচ করে দিয়েছে সে দেশের সরকার। বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে এ প্রস্তাব দিয়েছিল। মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির দপ্তরের মুখপাত্র জ তের বরাত দিয়ে মিয়ানমার টাইমস গতকাল বৃহস্পতিবার এ খবর জানায়।

জ তে বলেন, ‘সরকার নিরাপত্তা অঞ্চল গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এ ধরনের অঞ্চল প্রতিষ্ঠা করা হলে আন্তর্জাতিক সম্প্রদায়ের নিয়ন্ত্রণ থাকবে।’

গেল সপ্তাহে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানায়, বাংলাদেশ সরকার রেডক্রসের সহযোগিতায় মিয়ানমারের ভেতরে একটি নিরাপদ অঞ্চল গঠনের আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে।

এদিকে মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চি মিয়ানমারের রাখাইন রাজ্যের চলমান পরিস্থিতি নিয়ে আগামী সপ্তাহে ভাষণ দেবেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। জাতির উদ্দেশে দেওয়া তাঁর ভাষণ টেলিভিশনে সম্প্রচার করা হবে। রাখাইনে চলমান সহিংসতা শুরুর পর এই প্রথম এ বিষয়ে ভাষণ দেবেন তিনি।

সরকারি মুখপাত্র জ তে গত বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, অং সান সু চি ১৯ সেপ্টেম্বর ‘জাতীয় ঐক্য ও শান্তির আহ্বান’ জানিয়ে ভাষণ দেবেন। দেশে চলমান সংকট মোকাবিলার জন্যই সু চি আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিচ্ছেন না। বর্তমান পরিস্থিতিতে দেশেই তাঁকে বেশি প্রয়োজন।

রোহিঙ্গা-অধ্যুষিত ৪০ শতাংশ গ্রাম শূন্য

মিয়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গা-অধ্যুষিত ৪০ শতাংশ গ্রাম এখন শূন্য। মিয়ানমার সরকার বলছে, সংখ্যালঘু মুসলিমরা স্বেচ্ছায় এসব গ্রাম ছেড়ে চলে গেছে। জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত তাদের আত্মীয়স্বজনের পরামর্শে তারা গ্রাম ছেড়ে চলে গেছে।

সরকারি মুখপাত্র জ তে সিএনএনকে এক ই-মেইল বার্তায় জানান, রোহিঙ্গাদের কেউ কেউ সরাসরি জঙ্গিগোষ্ঠীর সঙ্গে জড়িত। আবার কেউ কেউ তাদের প্রতি সহানুভূতিশীল। তিনি আরও বলেন, কেউ কেউ পুলিশি গ্রেপ্তার এড়াতে পালিয়ে গেছে। কারণ, তারা জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিল। মিয়ানমার সরকার বলছে, ৪৭১ গ্রামের মধ্যে ১৭৬টি গ্রাম এখন রোহিঙ্গাশূন্য। এর বাইরে আরও ৩৪টি গ্রামের বড় অংশে কেউ নেই।