নিরাপদ অভিবাসন নিশ্চিতের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরটি অভিবাসীদের জন্য আরেকটি ভয়ংকর ও মৃত্যুর বছর। অভিবাসীদের পথযাত্রাকে নিরাপদ ও সুগম করতে না পারলে মৃত্যুর মিছিল আরও বড় হবে। অভিবাসী ও উন্নয়ন সংক্রান্ত বৈশ্বিক ফোরাম (মাইগ্রেশন ও ডেভেলপমেন্ট সংক্রান্ত গ্লোবাল ফোরাম-জিএফএমডি) সংক্রান্ত নাগরিক সংলাপে বক্তারা এমন মন্তব্য করেন। 

আজ রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে দিনব্যাপী এ সংলাপের আয়োজন করে ওয়ারবি ডেভলপমেন্ট ফাউন্ডেশন, এডব্লিউও, রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি রিসার্চ ইউনিট (রামরু) এবং মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)।
আগামী ১২ থেকে ১৬ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে ৮ম জিএফএমডি সম্মেলন অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্যের ক্ষেত্রে অভিবাসনকে টেকসই উন্নয়নের জন্য ব্যবহার করতে অংশীদারত্ব জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। আয়োজকেরা মনে করছেন, আন্তর্জাতিক অভিবাসন প্রক্রিয়া কোনো একক রাষ্ট্র বা সরকারের পক্ষে ব্যবস্থাপনা করা সম্ভব নয়। এ ক্ষেত্রে আন্তর্জাতিক সংস্থা, নাগরিক সমাজ, বেসরকারি খাত এবং অভিবাসীদের ভূমিকা জরুরি।
ওই সম্মেলনকে সামনে রেখে বাংলাদেশের নাগরিক সমাজকে নিয়ে সিরডাপ মিলনায়তনে ওই সভার আয়োজন করা হয়। আলোচনা সাম্প্রতিক সময়ে অভিবাসীদের নিয়ে বিশ্বব্যাপী ঘটে যাওয়া বিভিন্ন বিষয় উঠে আসে। বক্তারা বলেন, খাদ্য, নিরাপদ আশ্রয়, কাজের সন্ধান ও উন্নত জীবনের আশায় মানুষ জীবনের ঝুঁকি নিয়ে নিজের দেশ ছেড়ে নানাভাবে, নানা প্রক্রিয়ায় অন্য দেশে ছুটছেন। অভিবাসনের ক্ষেত্রে অভিবাসীদের নিরাপত্তা, অধিকার, নারী ও শিশু অভিবাসীদের অধিকার সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তাঁরা।
ওয়ারবির চেয়ারম্যান সৈয়দ সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুগ্ম সচিব কাজী আবুল কালাম। আলোচনায় অংশ নেন সাংসদ ইসরাফিল আলম, এমজেএফের নির্বাহী পরিচালক শাহিন আনাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রোজানা রশিদ, আলী আশরাফ, জশিয়া খাতুন, রেহনুমা খাতুন, সঞ্চিতা হক, ফারুক আহমদ প্রমুখ।