নিরাপদ অভিবাসন বিষয়ক কর্মশালা
বিদেশগামী নারী ও পুরুষকর্মীদের নিরাপদ অভিবাসনের লক্ষ্যে গতকাল রোববার আনোয়ারা উপজেলা মিলনায়তনে নিরাপদ অভিবাসন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কারিতাস আয়োজিত এ কর্মশালায় বক্তারা অভিবাসীদের আইন, ভাষা ও এ-সম্পর্কিত অন্যান্য বিষয়ে সচেতন করার ওপর গুরুত্ব দেন।
কর্মশালায় স্থানীয় সরকারের প্রতিনিধি, জনপ্রতিনিধি, সুশীলসমাজ, সংবাদকর্মীসহ বিভিন্ন পেশার প্রতিনিধি অংশ নেন। কারিতাস চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক জেমস গোমেজের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুফিদুল আলম। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ওবায়দুর রহমান বিশেষ অতিথি ছিলেন।
বক্তারা বলেন, বিদেশে যাওয়ার প্রক্রিয়া সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে হবে। সংশ্লিষ্ট দেশের অভিবাসী আইন এবং সংস্কৃতি ও ভাষা সম্পর্কে ধারণা থাকতে হবে। অভিবাসন খাতের সম্ভাবনার কথা উল্লেখ করে তাঁরা বলেন, বিদেশগামী কর্মীদের কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত হতে হবে। কর্মীরা যাতে প্রতারণার শিকার না হন, সে জন্য তাঁদের সাবধান হতে হবে।
কর্মশালায় নিরাপদ অভিবাসন প্রকল্প বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন প্রকল্পপ্রধান শ্যামল মজুমদার। উপজেলা কৃষি কর্মকর্তা মো. একরাম উদ্দিন, সাংস্কৃতিক কর্মী উৎপল সেন, এনজিও প্রতিনিধি নুরুল আবছার তালুকদার, বিজন মজুমদার, লাবণ্য মুৎসুদ্দী, এ কে এম নূরুল ইসলাম, বিদেশফেরত কর্মী নাছিমা আক্তার প্রমুখ বক্তব্য দেন।