নিরাপদ আশ্রয়কেন্দ্রে বীথি

জ্যেষ্ঠ বিচারিক হাকিমের বাড়ি থেকে উদ্ধার করা শিশু বীথিকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা শেষে বাগেরহাটের খুলনা বিভাগীয় নিরাপদ আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে। গত শনিবার পুলিশের একটি গাড়িতে করে তাঁকে ওই কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়।
এদিকে উদ্ধারের পর ১৮ দিন পেরিয়ে গেলেও এ ঘটনায় কোনো মামলা হয়নি।
সাতক্ষীরা কাটিয়া পুলিশ ফাঁড়ির এসআই বিশ্বাস মোজাফ্ফর আহমেদ বলেন, বীথির আবেদনের পরিপ্রেক্ষিতে গত বুধবার ভারপ্রাপ্ত মুখ্য বিচারিক হাকিম মহিবুল ইসলাম হাসান তাকে বাগেরহাটের খুলনা বিভাগীয় নিরাপদ আশ্রয়কেন্দ্রে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেন। গত শনিবার ভোরে তিনি সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে বীথিকে নিয়ে আসেন।
বাগেরহাটের খুলনা বিভাগীয় নিরাপদ আশ্রয়কেন্দ্রের অফিস সহকারী মহসীন হাওলাদার মুঠোফোনে বলেন, গতকাল বীথিকে এসআই বিশ্বাস মোজাফ্ফর আহমেদ দিয়ে গেছেন। বীথি সুস্থ আছে।
১৯ আগস্ট শরীরে ক্ষত ও একাধিক নির্যাতনের চিহ্ন নিয়ে হাড্ডিসার অবস্থায় বীথিকে সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম নূরুল ইসলামের শহরের ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সদ্য বদলি হওয়া মুখ্য বিচারিক হাকিম নিতাই চন্দ্র সাহা, সদরের নির্বাহী কর্মকর্তা শাহ আবদুর সাদী, সহকারী পুলিশ সুপার আনোয়ার সাঈদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখসহ অনেকে।
এ ঘটনায় মামলা ও বিচারের দাবিতে ২১ আগস্ট সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে ও ২৫ আগস্ট সাতক্ষীরা জজ আদালতের সামনে শহীদ কাজল সরণিতে মানববন্ধন করা হয়। ২২ আগস্ট মুক্তিযোদ্ধা হাসনে জাহিদের সভাপতিত্বে এক সভায় এ বিষয় তদন্তের জন্য একটি গণতদন্ত কমিটি করা হয়।
২১ আগস্ট মানববন্ধনে বীথির বাবা মাগুরা জেলার শালিখা উপজেলার বড় আমিয়ান গ্রামের গোলাম রসুল অভিযোগ করেন, তাঁর মেয়ের ওপর নির্যাতন করেছেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম নূরুল ইসলাম ও তাঁর স্ত্রী নাতাশা। তিনি তাঁদের শাস্তি দাবি করেন।
সদর থানার ওসি এমদাদুল হক শেখ বলেন, বীথির বাবা গোলাম রসুল ১ সেপ্টেম্বর জ্যেষ্ঠ বিচারিক হাকিম নূরুল ইসলাম, স্ত্রী নাতাশা ও তাঁর মেয়ের ওপর নির্যাতনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে একটি আবেদন করেছেন। ইতিমধ্যে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। শিশুটি উদ্ধারের পর এক রকম বলেছিল। এখন ভিন্ন কথা বলছে। বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে।