নিরাপদ ইন্টারনেট আমাদের দায়িত্ব ও আগামী প্রজন্ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.
গত ২৮ নভেম্বর ২০১৫, গ্রামীণফোন, দ্য ডেইলি স্টার ও প্রথম আলোর আয়োজনে ‘নিরাপদ ইন্টারনেট, আমাদের দায়িত্ব ও আগামী প্রজন্ম’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত আলোচকদের বক্তব্য সংক্ষিপ্ত আকারে এই ক্রোড়পত্রে প্রকাশ করা হলো।

আলোচনায় সুপারিশ

 আপনার শিশুকে ইন্টারনেট ব্যবহারের সময় নির্দিষ্ট করে দিন। প্রযুক্তি নিয়ে আলোচনা করুন। শিশুর ব্রাউজার হিস্টরিতে গিয়ে দেখুন সে কোন সাইটে গিয়েছে। সিকিউরিটি টুল ব্যবহার করুন
 সন্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ুন, ইন্টারনেটের বিপদগুলো জানান
 বিশেষ চিহ্নের সাহায্যে শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করুন
 সবচেয়ে প্রিয় মানুষটিেকও অাপনার পাসওয়ার্ড বলবেন না
 নিয়মিত প্রাইভেসি সেটিং পরীক্ষা ও নিয়ন্ত্রণে রাখা উচিত
 এমনকি বাসায় থাকলেও অ্যাকাউন্ট থেকে লগ অফ করতে ভুলবেন না
 অপরিচিতদের সঙ্গে চ্যাট করবেন না। ব্যক্তিগত কোনো বিষয় জানাবেন না
 অপরিচিতদের সঙ্গে বন্ধুত্ব করবেন না, ইগনোর ও ব্লকের রিপোর্ট জেনে নিন

আলোচনা

সালেহ উদ্দীন আহমেদ
সালেহ উদ্দীন আহমেদ

সালেহ উদ্দীন আহমেদ: আজকের আলোচনার শিরোনাম অত্যন্ত সময় উপযোগী। যেভাবেই হোক না কেন ইন্টারনেটের ক্ষতিকর দিক থেকে আমাদের তরুণদের রক্ষা করতে হবে। সত্যিকার অর্থে ইতিবাচকভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারলে তরুণদের জীবনই বদলে যাবে। কারণ গুগল থেকে এত কিছু শেখা যায় যে বলে শেষ করা যাবে না। একজন মানুষ যা জানতে চায়, তার প্রায় সবই খুঁজে পাওয়া যাবে ইন্টারনেটে। তাই ইন্টারনেটের ক্ষতির থেকে উপকার অনেক বেশি। ইন্টারনেটের ক্ষতি যেটা আছে, তা যদি তরুণেরা গ্রহণ করে, তাহলে এটা জীবনকে প্রায় ধ্বংসের কাছাকাছি নিয়ে যেতে পারে। তাই ক্ষতির দিকটাও তরুণদের গুরুত্বের সঙ্গে ভাবতে হবে।









মাহ্ফুজ আনাম
মাহ্ফুজ আনাম

মাহ্ফুজ আনাম: যাঁরা ইন্টারনেট ব্যবহার করেন তাঁরা কী ভাবেন, আজকের আলোচনায় আমরা সেটা জানতে চেয়েছি। ইন্টারনেট থেকে কীভাবে তরুণেরা ক্ষতিগ্রস্ত হন, এর প্রতিকারই বা কী ইত্যাদি বিষয় আলোচনায় আসবে বলে মনে করি। ইন্টারনেট একটা বিশাল ক্ষেত্র। তরুণেরা আমাদের থেকে অনেক বেশি জানেন, বেশি বোঝেন। তারা মনে করেন, ইন্টারনেটের খারাপ দিকের তুলনায় ভালো দিক অনেক বেশি।
ইন্টারনেটের ইতিবাচক ব্যবহারের মাধ্যমে যেকোনো মানুষ তাঁর জীবনকে সমৃদ্ধ করতে পারেন। আমাদের তরুণেরা নিশ্চয়ই ইন্টারনেটের ইতিবাচক ব্যবহারের মাধ্যমে এগিয়ে যাবেন। ইন্টারনেট তাঁদের জীবনের প্রতি ক্ষেত্রে সহায়ক শক্তি হিসেবে কাজ করবে।
আমরা স্বাধীনতা চাই। আবার অতিরিক্ত স্বাধীনতা আমাদের অন্যায় করতে উদ্বুদ্ধ করে। অ্যান্টিবায়োটিক খেলে অসুখ সারে। কিন্তু অতিরিক্ত অ্যান্টিবায়োটিক শরীরের ক্ষতি করে। ওই পর্যন্ত ইন্টারনেট ব্যবহার করব, যেটা আমাদের জীবনের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হয়।
নিয়ন্ত্রণহীন ইন্টারনেট এই সমাজকে, জীবনকে বিপর্যস্ত করে দেবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে সচেতনতার উদ্যোগ নিতে হবে। এসব ক্ষেত্রে অভিভাবকদের ভূমিকা রয়েছে। অভিভাবকদের কীভাবে ইন্টারনেট সম্পর্কে আরও ধারণা দেওয়া যায়, এ বিষয়টিও মনে হয় ভাবা প্রয়োজন।




আনিসুল হক
আনিসুল হক

আনিসুল হক: সত্যিকার অর্থেই এটা কারিগরি কোনো আলোচনা নয়। এটি একটি সামাজিক, পারিবারিক ও মনস্তত্ত্ববিষয়ক আলোচনা। আমাদের সবারই উদ্দেশ্য তরুণ প্রজন্মকে প্রযুক্তিনির্ভর করা। কিন্তু এই প্রযুক্তিনির্ভর হতে গিয়ে তাঁরা যেন জীবনকে অন্ধকার জগতে নিয়ে না যান, এটি গুরুত্বের সঙ্গে ভাবতে হবে।
নিরাপদ ইন্টারনেটের ব্যবহার নিয়ে গ্রামীণফোন একটি বই তৈরি করেছে। এটি একটি অসাধারণ বই এবং ভালো উদ্যোগ। বইটি সহজলভ্য করে সব মানুষের মধ্যে বিতরণ করা প্রয়োজন। নিরাপদ ইন্টারনেটের ব্যবহার নিয়ে একটি সিরিজ নাটক তৈরির কথা ভাবছি।
অস্ট্রেলিয়া কীভাবে জানল, আমাদের দেশ আক্রান্ত হতে পারে? তখন জানা গেল, ইন্টারনেটে তথ্য আদান-প্রদান হয়, এটা বিশ্লেষণ করে ওরা জেনেছে। তাহলে আমরা কেন জানতে পারলাম না?
আমাদের সরকার, প্রশাসনকে আরও দক্ষ ও যোগ্য হতে হবে। আমাদের জাতীয় প্রতিরক্ষানীতিতে সাইবার সিকিউরিটির বিষয়টি আনতে হবে।
এখনকার শিশুরা খেলাধুলা করে না। আত্মীয়স্বজনের সঙ্গে কথা বলে না। সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকে। এখনো বুঝতে পারছি না এদের ভিবষ্যৎ জীবন কেমন হবে। শিশুরা ইন্টারনেট আমাদের থেকে ভালো জানে। তারা কোনটা ভালো কোনটা মন্দ দুেটাই জানে।
ছেলেমেয়েদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে। তারপর তাদের সঙ্গে ইন্টারনেটের ভালো–মন্দ নিয়ে আলোচনা করতে হবে।

দেবাশীষ রায়
দেবাশীষ রায়

দেবাশীষ রায়: ইন্টারনেট আমাদের শিক্ষা, স্বাস্থ্য, বিনোদনসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক অবদান রাখছে। ইন্টারনেটের ব্যবহার আমাদের জিডিপি বৃদ্ধিতে ভূমিকা রাখছে। বিশ্বের মোবাইল ব্যবহারকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অবস্থানে আছে। দেশের প্রান্তিক স্কুলশিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।
বান্দরবানসহ দেশে আমাদের ১০টি ইন্টারনেট স্কুল আছে। এসব স্কুলে অত্যন্ত মানসম্মত শিক্ষা দেওয়া হচ্ছে। বাংলাদেশে প্রায় ছয় কোটি ইন্টারনেট ব্যবহারকারী আছে। ইন্টারনেট ব্যবহারকারীদের ৮৫ শতাংশ তরুণ। মেয়েদের থেকে ছেলেরা ইন্টারনেট ব্যবহারে এগিয়ে আছে।
খুলনা বিভাগে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা সবচেয়ে বেশি। ইন্টারনেটের ব্যবহারকারীরা যেকোনো সাহায্যের জন্য তাদের বন্ধুদের সহায়তা নিচ্ছে। এ ক্ষেত্রে অভিভাবক ও শিক্ষকেরা প্রায় কোনো ধরনের সাহায্য করতে পারছেন না।
অর্ধেক ইন্টারনেট ব্যবহারকারী কী করে, তাদের বাবা-মা জানেন না। এ ক্ষেত্রে মা–বাবা ও অভিভাবকদের ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে ধারণা নেওয়া প্রয়োজন।
তরুণদের ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে আমাদের সবার কী করণীয়, সেসবই আলোচনায় আসবে।

আহসানুল আলম
আহসানুল আলম

আহসানুল আলম: শিক্ষকের নিজের বিষয় ছাড়া কোনো বিষয় জানতে চাইলে শিক্ষক বিভিন্নভাবে এড়িয়ে যান। শিক্ষার্থীরা ধরেই নেয় যে শিক্ষকদের কাছ থেকে কোনো সহযোগিতা পাওয়া যাবে না। একইভাবে দেশের অনেক পরিবারে মা-বাবা ও সন্তানদের মধ্যে দূরত্ব রয়েছে।
শিক্ষক-শিক্ষার্থী, মা-বাবা ও সন্তানদের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা দরকার। সবার প্রতি সবার যেন সহযোগিতার মনোভাব থাকে। তাহলে আমরা অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারব।

লায়লা করিম
লায়লা করিম

লায়লা করিম: অনেকের অভিযোগ, ছেলেমেয়েরা সঠিকভাবে মানুষ হচ্ছে না। কিন্তু আমরা তাদের সঠিকভাবে মানুষ হওয়ার জন্য কতটুকু পরিবেশ দিতে পেরেছি, সেটা একটা বড় প্রশ্ন? আমাদের চারপাশে অস্থিরতা, অসহিষ্ণুতার মধ্যে কেউ ঠিকভাবে বেড়ে উঠতে পারে না। বাবা-মায়েরা সন্তানদের কার্যকর সময় দিচ্ছে না। এখনকার সন্তানেরা একেবারেই বইয়ের কাছে যাচ্ছে না। শিশুরা ড্রোন, ট্যাংক—এগুলো নিয়ে খেলে। প্রতি ঘরে খেলনা আছে। কিন্তু শিশুদের উপযোগী বই নেই। কেন শিশুসাহিত্য নিয়ে ধারাবাহিক হয় না? আমাদের শিশু আইন, শিক্ষানীতি—কোথাও ইন্টারনেটের ভয়াবহতা সম্পর্কে কিছু বলা নেই। এসব বিষয়ে সবাইকে সতর্ক হতে হবে।

জামিলা আক্তার
জামিলা আক্তার

জামিলা আক্তার: আমি নিজেও আমার সন্তানকে নিয়ে ভাবি। ঘরে-বাইরে যেকোনো জায়গায় যেকোনো সময় সন্তানেরা বিপদে পড়তে পারে। মাঝে মাঝে নিজেকে খুব অসহায় মনে হয়। আলোচনায় গণমাধ্যমে শিশুদের বিষয়গুলো আরও বেশি করে আনতে হবে। অধিকাংশ অভিভাবক প্রযুক্তির প্রায় সাধারণ বিষয়গুলো জানেন না। তাই তাঁদের সন্তান ঘরে দরজা বন্ধ করে কী করছে, এ বিষয়ে তঁারা খবরই রাখেন না। এক জায়গায় পড়েছি, প্রযুক্তির ওপর বেশি নির্ভরতা আমাদের সৃষ্টিশীলতাকে ক্ষতিগ্রস্ত করে। সন্তানদের জন্য মা-বাবাকে অবশ্যই বেশি সময় দিতে হবে।

ইজাজ আহমেদ
ইজাজ আহমেদ

ইজাজ আহমেদ: একজন তরুণ তিন জায়গা থেকে শেখে—মা, বাবা, শিক্ষক ও বন্ধুবান্ধব। এখনকার অধিকাংশ শিক্ষক খুব বাণিজ্যিক। অধিকাংশ তরুণের কোনো আদর্শ নেই। ফেসবুকে মেয়েরা ছবি দেয়। তাদের কার কত লাইক পড়ে, এটাই তাদের প্রতিযোগিতা। দেড় হাজার তরুণ আমাদের সঙ্গে ইন্টারনেটের মাধ্যমে যুক্ত। বিভিন্ন বিষয় সম্পর্কে তঁাদের মন্তব্য ও ভাষাজ্ঞান দেখে আমরা অবাক হই। এরা এগুলো কোথা থেকে পায়? আমি মনে করি, মূল্যবোধকে বাদ দিয়ে ইন্টারনেটের আলোচনা ফলপ্রসূ হবে না। ইন্টারনেটে একবার তথ্য দিলে সেটা সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে। মুছে ফেললেও সেটা মূল স্টোরে থেকে যাবে। তাই কতটুকু তথ্য ইন্টারনেটে দেওয়া উচিত, সেটা ভাবতে হবে।

মাহেনো আহাদ
মাহেনো আহাদ

মাহেনো আহাদ: আমরা মা-বাবা, শিক্ষকসহ অনেকের ভূমিকার কথা বলছি। কিন্তু ইন্টারনেট ব্যবহারকারীরা কী করবেন, কী করবেন না, সেটাই প্রধান বিষয়। ছেলেমেয়েরা কখন থেকে ইন্টারনেট ব্যবহার করে, আমরা অনেকে জানি না। ইন্টারনেটের ভালো-মন্দ দুটি দিক রয়েছে। এ ক্ষেত্রে ছেলেমেয়েদের মধ্যে পিয়ার গ্রুপ করে তাদের এ বিষয়ে বোঝানোর উদ্যোগ নেওয়া প্রয়োজন।











তারানা হালিম
তারানা হালিম

তারানা হালিম: যারা ইন্টারনেটের অপব্যবহার করছে, তাদের এ কাজ থেকে বিরত রাখা যাচ্ছে না। বিভিন্নভাবে সাইবার অপরাধ হয়। আজ কেবল তরুণসমাজের জন্য নিরাপদ ইন্টারনেট নিয়ে আলোচনা হচ্ছে। ইন্টারনেটে উত্ত্যক্ত করার অনেক পদ্ধতি আছে।
ইন্টারনেটের মাধ্যমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় তরুণীরা। ৭৩ শতাংশ নারী সাইবার অপরাধের শিকার হন। এঁদের মধ্যে মাত্র ২৩ শতাংশ অভিযোগ করেন। ৩৫ শতাংশ নারী কোনো অভিযোগই করতে চান না।
আমাদের অভিভাবকদের বুঝতে হবে, কীভাবে পর্নো সাইট বন্ধ করতে হয়। সন্তানদের এসব বিষয় বোঝানোর চেষ্টা করতে হবে। শিক্ষার্থী বা সন্তানেরা শারীরিক বিষয়গুলো জানতে চাইলে অনেক ক্ষেত্রে শিক্ষক ও মা-বাবা তাদের ভালো মনে করেন না। এ জন্য তারা জানার আগ্রহ হারিয়ে ফেলে। মোবাইল কোম্পানিগুলোকে অনুরোধ করব, তারা কারও বিরুদ্ধে ইন্টারনেটের অপব্যবহার হলে কীভাবে এর প্রতিকার করবে, সে বিষয়ে যেন মেসেজ দেয়।
টিনএজ মেয়েরা খুব সহজে তাদের ছেলেবন্ধুদের পাসওয়ার্ড দেয়। সম্পর্ক খারাপ হলে মেয়েটিকে নোংরাভাবে হয়রানি করতে থাকে। আমরা একটি উদ্যোগ নিতে যাচ্ছি, যাতে দেশের বাইরে থেকে কোনো আপত্তিকর বিষয় ইন্টারনেটে যাচাই-বাছাই হয়ে আসে।
লাইসেন্সধারী ইন্টারনেট সেবা প্রদানকারীদের তথ্য আমাদের কাছে আছে। ইন্টারনেট সেবা দিতে হলে অন্যদের লাইসেন্স নিতে হবে। সেবা প্রদানকারীদের তথ্য তাদের রাখতে হবে। ফলে সবকিছু একটা নিয়ন্ত্রণের মধ্যে আসবে।
ইন্টারনেটের চরম সাম্প্রদায়িক অপব্যবহার হচ্ছে। ফেসবুকের সঙ্গে চুক্তি করার উদ্যোগ নিয়েছি। ফলে ফেসবুকের অনেক খারাপ বিষয় আমরা ফেলে দিতে পারব।

আসিফ সালেহ
আসিফ সালেহ

আসিফ সালেহ: আমরা যত সতর্ক থাকি না কেন, কিছু খারাপ মানুষ থাকবে। আবার ইন্টারনেটে কিছু খারাপ বিষয় থাকবে। মানুষ মুখে যেটা বলতে পারে না, সেই সাহসটা ইন্টারনেটে দেখায়। পয়লা বৈশাখের ঘটনা নিয়ে ভয়ংকর নোংরা মন্তব্য ছিল। এ জন্য বনানীতে একটা মামলা হয়েছে। সে মামলার এখনো কিছু হয়নি। আইনের ৫৭ ধারায় বলা আছে, খারাপ কিছু পোস্ট করলে মামলা হবে। কিন্তু খারাপের কোনো সংজ্ঞা দেওয়া হয়নি।
সাইবার অপরাধের ক্ষেত্রে তিন ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে। এক. অপরাধ হওয়ার আগে কী ধরনের প্রস্তুতি নেওয়া যায়। দুই. অপরাধ হলে কী ব্যবস্থা নেওয়া যায়। তিন. ক্ষতিগ্রস্ত মেয়ে বা নারীর পুনর্বাসন। সাইবার অপরাধ এত অমানবিক হয় যে অনেক মেয়ে বা নারী আত্মহত্যা করেন বা করতে যান। তাই এঁদের পুনর্বাসন জরুরি হয়। কিছু স্কুলের প্রধান শিক্ষকদের এসব বিষয়ে প্রশিক্ষণ দিয়েছি।

ইয়াসমিন হাবিব
ইয়াসমিন হাবিব

ইয়াসমিন হাবিব: স্কুলের শিক্ষার্থীদের রোবটের মতো মনে হচ্ছে। তারা মানুষ। কিন্তু তাদের কোনো মানবিক অনুভূতি আছে বলে মনে হচ্ছে না। স্কুলে তারা কোনো রকম সময় পার করতে চায়।
বাসায় তারা রাত-দিন বন্ধুদের সঙ্গে ফেসবুকিং করে। তারা ইন্টারনেটে ঢুকেই খারাপ সাইটে যায়। সেখান থেকে খারাপ ভাষা শেখে, পরবর্তী সময়ে এসব খারাপ ভাষা ব্যবহার করে। এরা একেকজন একেক রকম খারাপ তথ্য নিয়ে আসে। অন্যদের মধ্যে সেটা শেয়ার করে তারা আবার এসবের মধ্যে ঢুকে যায়। ইদানীং এভাবে চলছে। ৫০ জনের মধ্যে ৪৫ জনই দিনরাত খারাপ সাইটে ব্যয় করছে। দিন দিন শিক্ষার্থীরা অন্য রকম হয়ে উঠছে।
আমরা মাঝে মাঝে ওদের ব্যাগ চেক করে মোবাইল নিই। ওখানে পর্নোগ্রাফি, বাজে মেসেজ ইত্যাদিতে ভরা। অভিভাবক তাঁর সন্তানকে চিনতে পারেন না।
এমন একটা আইন করতে হবে, যাতে একটা নির্দিষ্ট বয়সের আগে ইন্টারনেট আছে এমন সিম ব্যবহার করতে পারবে না। সব ক্ষেত্রে একটা নিয়মের বাধ্যবাধকতা আনতে হবে।

শাহামিন এস জামান
শাহামিন এস জামান

শাহামিন এস জামান: আমাদের শিশুদের ক্ষেত্রে জাতিসংঘের দিক থেকে করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) বিষয় রয়েছে। জাতিসংঘ এর মাধ্যমে শিশুদের অধিকারের বিষয়টিতে বেশি গুরুত্ব দেয়।
সেভ দ্য চিলড্রেন, ইউরোপীয় ইউনিয়ন—সবাই মিলে বাংলাদেশে শিশুদের জন্য একটি জাতীয় সিএসআর নীতিমালা করেছি। এই সিএসআর শিশুদের অধিকার রক্ষার জন্য ব্যবহার করা হবে। আমাদের প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশের কথা বলছেন। মধ্য আয়ের দেশ হতে হলে ডিজিটালাইজেশনের দিকে যেতে হবে। তাই কোনোভাবে ইন্টারনেটের ব্যবহার বন্ধ করা যাবে না। তবে ইন্টারনেটের নিরাপদ ব্যবহারের বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবতে হবে।
বিভিন্ন বিষয় জানার জন্য, জ্ঞানের বিস্তারের জন্য, একে অপরের সঙ্গে জ্ঞান শেয়ার করার জন্য ইন্টারনেট অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম।

রাশেদা কে চৌধূরী
রাশেদা কে চৌধূরী

রাশেদা কে চৌধূরী: ইন্টারনেট একটা ধারালো অস্ত্রের মতো। এটা দিয়ে ভালো–মন্দ দুটো কাজই করা যায়। গ্রামীণফোন ইন্টারনেট ব্যবহার নিয়ে একটি বই করেছে। এটাকে আরও সহজ-সরল করে সব শিক্ষার্থীর মধ্যে বিতরণ করা প্রয়োজন।
এখন দেশের প্রায় ৪০ শতাংশ শিক্ষার্থী প্রথম জেনারেশন থেকে এসেছে। তাদের এবং তাদের অভিভাবকের কাছে ইন্টারনেট কীভাবে পৌঁছানো যাবে, সেটাই বড় প্রশ্ন। নিরাপদ-অনিরাপদের বিষয়টি আরও পরে। এ ক্ষেত্রে এনজিওগুলো উঠানবৈঠকের মাধ্যমে তাদের বোঝাতে পারে। শিক্ষক প্রশিক্ষণে বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে। অনেক স্কুলে কম্পিউটার দেওয়া হয়েছে। তথ্যপ্রযুক্তি নামে একটা বিষয় আছে। কিন্তু এটা শেখানোর মতো কোনো শিক্ষক নেই। সমগ্র পৃথিবীতে শিক্ষার বাজেট বাড়ে। আমাদের দেশে প্রতিবছর কমছে।
শিক্ষার্থীদের কথা শোনার মতো স্কুলে কেউ থাকে না। বিজ্ঞাপনগুলোতে একটা লাইন থাকতে পারে—আপনি কি জানেন, আপনার সন্তানের জন্য ইন্টারনেট কতটা নিরাপদ? আবার মোবাইল অপারেটর কোম্পানিগুলো ইন্টারনেটের ক্ষতিকর দিকগুলো নিয়ে মেসেজ দিতে পারে।

মাহমুদ হোসেইন
মাহমুদ হোসেইন

মাহমুদ হোসেইন: সমস্যা যতটা না প্রযুক্তিগত, তার থেকে বেশি সামাজিক। আমরা এসব বিষয়ে সচেতন। আমরা সামাজিক দায়বদ্ধতা অনুভব করি। এ দায়বদ্ধতার বহিঃপ্রকাশই আজকের এই অনুষ্ঠান।
প্রাথমিক অবস্থায় ইন্টারনেটের নিরাপদ ব্যবহারের বিষয়ে একটা বই করেছি। এটা আমরা আরও ভালো করে বৃহত্তর আকারে করার চেষ্টা করব, যাতে সব শ্রেণির মানুষ ব্যবহার করে উপকৃত হয়।
ইন্টারনেেটর অপব্যবহারের ক্ষেত্রে সরকার বা আমরা কেউ একা কিছু করতে পরব না। সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আমরা ছাড়া আরও অপারেটর আছে। এখানে সবার দায়িত্ব রয়েছে। আমরা গত পাঁচ বছর থেকে ইন্টারপোল কর্তৃক নির্বাচিত শিশু পর্নোগ্রািফ বন্ধ করেছি।
ইন্টারনেট বন্ধ না করেও নিরাপদ ইন্টারনেট ব্যবহারের উদ্যোগ নিতে পারি। কিন্তু কী করতে হবে, সেটা সমাজ থেকে উঠে আসতে হবে। দায়িত্বশীল করপোরেট হিসেবে আমরা সেটার দায়িত্ব পালন করব। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব, যাতে সমাজের শিশুসহ সবাই নিরাপদ ইন্টারনেট ব্যবহার করতে পারে। আমাদের আন্তরিক ইচ্ছা আছে বলেই আজ সবার সঙ্গে বসেছি।
আমরা মেসেজের মাধ্যমে নিরাপদ ইন্টারনেটের বিষয়টি সবাইকে জানাতে পারি। কিন্তু কীভাবে জানাব, সে পরামর্শ আপনাদের মধ্য থেকে আসতে হবে। আর আমরাও এ বিষয়ে বোঝার চেষ্টা করছি।
সংশ্লিষ্ট সবার সদিচ্ছা ও চেষ্টা থাকলে ভবিষ্যতে শিশুসহ সবাই নিরাপদ ইন্টারনেট পেতে পারে বলে আমরা আশা করি।

নেহাল আহমেদ
নেহাল আহমেদ

নেহাল আহমেদ: আজকের আলোচনার মূল বিষয় হলো নিরাপদ ইন্টারনেট। ইন্টারনেট বন্ধ করা নয়। অভিজ্ঞতা থেকে দেখেছি, প্রতি ১০ জনের একজন ইন্টারনেটের খারাপ ব্যবহার করে। নয়জনই ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে নিজেকে সমৃদ্ধ করছে।
বাংলাদেশসহ পৃথিবীর সব মানুষের জন্যই ইন্টারনেট থাকতে হবে। কারণ, ইন্টারনেটের মধ্যে পৃথিবীর সব মানুষের কল্যাণ রয়েছে।
ইন্টারনেট বন্ধ করার কথা না ভেবে আমাদের সবার উচিত, শিশুসহ সবাইকে ইন্টারনেটের বিপদ বা ক্ষতিকর বিষয়গুলো সম্পর্কে সচেতন করা।
এখনকার প্রায় অধিকাংশ শিশু বড়দের থেকে অনেক বেশি জানে। তবে ভালো-মন্দ বিষয়ে সচেতন করতে হবে। বিষয়টি অভিভাবকদের ঠিক করতে হবে যে কীভাবে তাদের বোঝাবেন। আমরা গ্রামীণফোন খুব পরিষ্কার যে আমরা সমাজে নিরাপদ ইন্টারনেট দেওয়ার জন্য সবার সঙ্গে কাজ করব।

জাওয়াদ মোস্তফা রশিদ
জাওয়াদ মোস্তফা রশিদ

জাওয়াদ মোস্তফা রশিদ: ইন্টারনেট অনেক বড় বিষয়। ফেসবুক এর মাত্র একটা অংশ। শুধু ফেসবুকের জন্য ইন্টারনেটের জ্ঞানের জগৎ থেকে আমরা ফিরে আসতে পারি না। শিশুদের কেবল এটা খারাপ, ওটা খারাপ—এসব বললেই হবে না। তাদের সব ইতিবাচক বিষয় সম্পর্কে ধারণা দিতে হবে। ইন্টারনেটের বৃহত্তর জানার জগৎ সম্পর্কেই তাদের উৎসাহিত করে তুলতে হবে। তাহলে শিশুরা খারাপ সাইটে যাবে না।

লামিসা
লামিসা

লামিসা: শিক্ষার্থীদের বোঝানো উচিত, কোনটা ভালো, কোনটি খারাপ। কারণ, শিক্ষকের উপদেশ শিক্ষার্থীদের ওপর অনেক প্রভাব ফেলে। ইন্টারনেট মানেই খারাপ নয়। ইন্টারনেটের ভালো দিকগুলো সবাইকে জানাতে হবে। আমি যা জানতে চাই তার প্রায় সবই ইন্টারনেটে আছে। তাহলে ইন্টারনেট খারাপ হবে কেন? এখন অভিভাবকদের ইন্টারনেট শিখতে হবে। তাহলে তাঁরা সন্তানদের ভালো-মন্দ বিষয়গুলো বোঝাতে পারবেন।

জান্নাতুল ফেরদৌস
জান্নাতুল ফেরদৌস

জান্নাতুল ফেরদৌস: এমন একটা সমেয় আমরা আছি যে এক দিনও ইন্টারনেট ছাড়া থাকা সম্ভব না। এটা আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে গেছে। এখন আমাদের একমাত্র কাজ হলো সবাইকে সচেতন করা। অর্থাৎ ইন্টারনেটের খারাপ ও ভালো দিক সম্পর্কে সবাইকে বলা। আর এ কাজটা একা সরকার পারবে বলে মনে হয় না। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

রুহুল আমীন
রুহুল আমীন

রুহুল আমীন: ইন্টারনেট ছাড়া এখনকার তরুণদের জীবন আসলে চলবে না। ইন্টারনেটের ভালো দিকের তুলনায় খারাপ দিক খুবই তুচ্ছ। আজকে যে সমস্যা আছে, ভবিষ্যতে এ সমস্যা থাকবে না। এখন আমাদের সবার মূল কাজ হলো সবাইকে সচেতন করা। ইন্টারনেট সম্পর্কে অনেকের নেতিবাচক ধারণা আছে। এ ক্ষেত্রে ইন্টারনেটের ভালো দিকগুলো সম্পর্কে তাদের বোঝাতে হবে। সবাই সাইবার অপরাধ করছে না। দুএকটা চক্র করছে। এই অপরাধী চক্রকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

সালেহ উদ্দীন আহমেদ: নিরাপদ ইন্টারনেটের ক্ষেত্রে সমাজে পরামর্শ সভা করা প্রয়োজন। শিক্ষক, শিক্ষার্থী, মা-বাবা, সন্তানসহ সবার মধ্যে ব্যাপক সচেতনতার কাজ করতে হবে।
আলোচনায় অংশগ্রহণের জন্য ডেইলি স্টার–এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

আয়োজনে:

বাংলাদেশে তরুণ ইন্টারনেট ব্যবহারকারী
সোশ্যাল নেটওয়ার্কিং ও ইন্টারনেটের সঙ্গে সংযোগ
৮২% সামাজিক যোগাযোগের মাধ্যমে সংযুক্ত
৪৮% সংবাদ, খেলাধুলা ও আবহাওয়া
৩৯% ই–মেইল
৩৮% মাল্টিমিডিয়া ও বিনোদন
১৪% ব্যক্তিগত আগ্রহ
৯% বেচাকেনার জন্য 
৮% ইন্টারনেটভিত্তিক খেলাধুলা
অন্তত একবার হলেও মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার
করে ৯৫%
প্রতিদিন মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করে ৬৯%
প্রায়ই মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করে ৬০%
সূত্র: বাংলাদেশ ডেটা: গুগল, গ্রামীণফোন

যাঁরা অংশ নিলেন
তারানা হালিম : প্রতিমন্ত্রী, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়
রাশেদা কে চৌধূরী : নির্বাহী পরিচালক, গণসাক্ষরতা অভিযান
মাহ্ফুজ আনাম : সম্পাদক, দ্য ডেইলি স্টার
আনিসুল হক : সহযোগী সম্পাদক, প্রথম আলো
আসিফ সালেহ : জ্যেষ্ঠ পরিচালক, স্ট্র্যাটেজি, ব্র্যাক
লায়লা করিম : ম্যানেজার, অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশন, সেভ দ্য চিলড্রেন
জামিলা আক্তার : শিশু সুরক্ষা বিশেষজ্ঞ, ইউনিসেফ
মাহেনো আহাদ : সিনিয়র ভাইস প্রিন্সিপাল, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুল
মাহমুদ হোসেইন : চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার, গ্রামীণফোন
নেহাল আহমেদ : পরিচালক, কমিউনিকেশনস, গ্রামীণফোন
দেবাশীষ রায় : হেড অব করপোরেট রেসপনসিবিলিটি, গ্রামীণফোন
ইজাজ আহমেদ : বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ
ইয়াসমিন হাবিব : ভাইস প্রিন্সিপাল, সানিডেইল
শাহামিন এস জামান : প্রধান নির্বাহী কর্মকর্তা, সিএসআর সেন্টার
আহসানুল আলম : শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
জাওয়াদ মোস্তফা রশিদ : শিক্ষার্থী, ব্র্যাক বিশ্ববিদ্যালয়
জান্নাতুল ফেরদৌস : শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়
রুহুল আমীন : শিক্ষার্থী, সরকারি আজিজুল হক কলেজ
লামিসা : শিক্ষার্থী, ব্র্যাক বিশ্ববিদ্যালয়
সঞ্চালক
সালেহ উদ্দীন আহমেদ: ডেেভলপমেন্ট প্রাকটিশনার