
‘পরিকল্পিত উন্নয়ন, সুযোগের সমতা, নিরাপদ ও দূষণমুক্ত আধুনিক ঢাকা’ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী সাঈদ খোকন নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। গতকাল রোববার রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এই নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।
ইশতেহারে সাঈদ খোকন পুরোনো ঢাকাকে বদলে স্বপ্নের আধুনিক ঢাকা গড়ার অঙ্গীকার করেন। এ ছাড়া ইশতেহারে যানজট নিরসনসহ পাঁচটি বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ইশতেহারে আরও ১০টি বিষয়ে কর্মসূচির কথা জানানো হয়।
তিনি ‘সহস্র নাগরিক কমিটি’র ব্যানারে ইলিশ প্রতীকে নির্বাচন করছেন। সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক ও সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের আহ্বায়ক নাজমা শাহীন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাকসুদ কামাল, বিএমএর মহাসচিব ইকবাল আর্সনাল, এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক বদিউজ্জামান, উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস, হাবিবুর রহমান সিরাজ, দলের ঢাকা মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহস্র নাগরিক কমিটির মহাসচিব গোলাম কুদ্দুস।
ইশতেহারে সাঈদ খোকনের দেওয়া অগ্রাধিকার ভিত্তিতে প্রতিশ্রুতির মধ্যে রয়েছে ‘যানজট নিরসনে ঢাকা দক্ষিণে পুরোনো এবং নতুন ঢাকার সমন্বিত গণপরিবহনব্যবস্থা গড়ে তোলা, কেন্দ্রীয় সরকারের সঙ্গে দক্ষিণ সিটি করপোরেশনের সমন্বিত উদ্যোগে মেট্রোরেল, এলিভেটর এক্সপ্রেসওয়ে, মোহাম্মদ হানিফ সেতুর মতো আরও অধিকসংখ্যক দোতলা, তিনতলা উড়ালসেতুর প্রকল্প সরকারি-বেসরকারি অংশীদারত্বে গ্রহণ করা। এ ছাড়া গণপরিবহনে নারীদের নিরাপদ চলাফেরাসহ বিশেষ বাসের ব্যবস্থা করার অঙ্গীকার করেন তিনি।
নগরবাসীর দৈনন্দিন ‘পানি, গ্যাস ও বিদ্যুৎ’—এই তিন নাগরিকসেবা নিশ্চিত করার লক্ষ্যে পদ্মা নদী থেকে পাইপযোগে ঢাকায় পানি নিয়ে এনে তা পরিশোধনের মাধ্যমে মহাপরিকল্পনা বাস্তবায়ন ত্বরান্বিত করাসহ মহানগরের নিজস্ব বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র গড়ে তোলার কথা আছে ইশতেহারে।
এ ছাড়া পরিচ্ছন্ন ও দূষণমুক্ত ও স্বাস্থ্যকর মহানগর গড়ে তোলার লক্ষ্যে ‘একটি বাড়ি একটি বাগান’ স্লোগানে প্রতিটি বসতবাড়ির মাটি, ছাদ, ব্যালকনিতে বাগান সৃজনে উদ্যোগ গ্রহণ করে সবচেয়ে সুন্দর বাগানমালিকদের পুরস্কৃত করে উৎসাহিত করা হবে। দূষণমুক্ত, নাব্য ও নিরাপদ বুড়িগঙ্গার প্রতিশ্রুতি আছে ইশতেহারে।
সাঈদ খোকন তাঁর বাবা ঢাকা সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র প্রয়াত মোহাম্মদ হানিফের স্মৃতিচারণ করে বলেন, ‘আমি বাবার অনুপস্থিতি ভীষণভাবে অনুভব করি। তবে সাহসী হই, যখন দেখি আপনারা (ঢাকাবাসী) আমার পাশে আছেন। আপনারাই আমার পিতা, আপনারাই আমার অভিভাবক। আমি নির্বাচিত হলে নগরপিতা হিসেবে নয়, আপনাদের সন্তান হিসেবে জীবনের শেষ দিন পর্যন্ত সেবা করে যাব।’
পাঁচ বছরের জন্য মেয়র নির্বাচিত হয়ে ইশতেহারে যে অঙ্গীকারগুলো করা হয়েছে, তার কতটুকু পূরণ করতে পারবেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সাঈদ খোকন বলেন, ‘সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে অবশ্যই সম্ভব। এটা কোনো ব্যাপারই না।’
ইশতেহারের ঘোষণার শুরুতেই সাঈদ খোকনের নির্বাচন সমন্বয়কারী আব্দুর রাজ্জাক বলেন, ‘সন্ত্রাস, নাশকতা, জঙ্গিবাদ নির্মূল করা এবং উন্নয়নের ধারা এগিয়ে নেওয়ার জন্য এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের মাধ্যমে প্রমাণ করতে হবে যে জনগণ আমাদের সঙ্গে আছে।’