
নিরাপদ ও পরিচ্ছন্ন ঢাকার অঙ্গীকার করে ১০ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ঢাকা দক্ষিণে বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী মির্জা আব্বাস। ইশতেহারে নগরের সমস্যা সমাধানে স্বল্পমেয়াদি ১৮০ দিনের কর্মসূচি নেওয়া হবে বলে জানানো হয়েছে। হোল্ডিং ট্যাক্স কমানো, ওয়ার্ডভিত্তিক অভিযোগ কেন্দ্র, যানজট নিরসনে কমিউনিটি পুলিশসহ রয়েছে আরও নানা অঙ্গীকার।
গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে এ ইশতেহার ঘোষণা করা হয়। মামলার কারণে অনুপস্থিত থাকায় আব্বাসের ওই ইশতেহার পড়ে শোনান তাঁর স্ত্রী আফরোজা আব্বাস।
হোল্ডিং ট্যাক্স ১২ থেকে ২৭ শতাংশ বৃদ্ধির নিন্দা জানিয়ে ইশতেহারে বলা হয়, ঢাকাবাসীর সঙ্গে আলোচনা সাপেক্ষে হোল্ডিং ট্যাক্স পুনরায় নির্ধারণ করা হবে। ঢাকা ওয়াসার সঙ্গে সমন্বয় করে পয়োনিষ্কাশন ও বিশুদ্ধ খাওয়ার পানি নিশ্চিত, ওয়ার্ডগুলোতে ব্যায়ামাগার এবং বিদ্যুৎ-সমস্যা সমাধানে নিজস্ব বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হবে বলে ইশতেহারে প্রতিশ্রুতি দেওয়া হয়।
নাগরিক বিনোদনের জন্য ইশতেহারে বুড়িগঙ্গা নদীকে দূষণমুক্ত, এর তীরে হাঁটার পথ নির্মাণসহ বিনোদন কেন্দ্র গড়ে তোলার অঙ্গীকার করা হয়েছে। এ ছাড়া নাজিমউদ্দিন রোডে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে স্থানান্তরিত হলে সেখানকার ঐতিহ্য ধরে রেখে নগরবাসীর জন্য আন্তর্জাতিক বিনোদন কেন্দ্র গড়ে তোলা হবে।
যানজট নিরসন ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে ঢাকা মহানগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ওয়ার্ডের রাস্তাঘাটের সংস্কার ও উন্নয়ন, নারী ও ছাত্রছাত্রীদের জন্য পৃথক বাস, এলাকা/রাস্তা নির্দেশক ডিজিটাল বোর্ড, হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করার অঙ্গীকার করা হয়েছে ইশতেহারে।
ইশতেহারে নারী-পুরুষ সবার জন্য ব্যবহারের উপযোগী আধুনিক টয়লেট স্থাপন, প্রতিটি পার্কে অত্যাধুনিক ‘প্রাইমারি হেলথ চেক-আপ সেন্টার’ স্থাপন, মশক নিধন ও সংক্রামক ব্যাধি প্রতিষেধক কর্মসূচি গ্রহণ, রাসায়নিক কারখানাগুলো নিরাপদ স্থানে স্থানান্তরের কথা বলা হয়েছে।
বিভিন্ন স্কুল ও কমিউনিটি সেন্টারে নৈশকালীন শিক্ষা কার্যক্রম পরিচালনার মাধ্যমে ওয়ার্ডভিত্তিক শতভাগ সাক্ষরতা কার্যক্রম চালু, বিনা মূল্যে কম্পিউটার ও ইংরেজি শিক্ষা চালু, শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি ও উচ্চ-শিক্ষাঋণ চালু, স্বল্পশিক্ষিত ও দরিদ্র যুবকদের জন্য কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে যানবাহন মেরামত, হার্ডওয়্যার, ইলেকট্রিক যন্ত্রপাতি, টিভি, ফ্রিজ, মোবাইল ফোন সার্ভিসিংয়ের মতো বিষয়ে দক্ষ জনশক্তি গড়ে তোলার অঙ্গীকার রয়েছে ইশতেহারে।
এ ছাড়া পরিবেশ উন্নয়ন ও বর্জ্য ব্যবস্থাপনায় কার্যকর উদ্যোগ গ্রহণ, অনলাইনে নগরবাসীর সব সনদের প্রাপ্যতা নিশ্চিতকরণ, সিনিয়র সিটিজেন হেল্পলাইন চালু, জনবহুল এলাকায় ফ্রি ওয়াইফাই সুবিধা, নগরের সব দরপত্রের বিজ্ঞপ্তি অনলাইনে প্রকাশ করা হবে বলে অঙ্গীকার করা হয়।
পোশাকশ্রমিকদের জন্য হাসপাতাল ও ডরমিটরি তৈরি, ঢাকার কোর্ট-কাছারিতে বিচারপ্রার্থীদের জন্য অত্যাধুনিক অপেক্ষাগার নির্মাণের মতো বিষয় রয়েছে ইশতেহারে।
ইশতেহার ঘোষণা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আফরোজা আব্বাস। একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা প্রচারণা চালাতে গেলেই আমাদের ওপর হামলা করা হচ্ছে। প্রচারণার সময় যে বাড়িতে নামাজ পড়তে যাচ্ছি, সেই বাড়ি পুলিশ ঘিরে রাখে। আমার বাড়ি পাবনায়। আমি ঢাকার বউ হয়ে এসেছি। এখন আমার সম্মান ও নিরাপত্তার দায়িত্ব আপনাদের।’
মির্জা আব্বাস আদর্শ ঢাকা আন্দোলনের মনোনীত মেয়র প্রার্থী। এই ইশতেহার বাস্তবায়ন কীভাবে সম্ভব? সাংবাদিকদের এ প্রশ্নের জবাব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও আদর্শ ঢাকা আন্দোলনের আহ্বায়ক এমাজউদ্দীন আহমদ। তিনি বলেন, ‘ভালো কাজের জন্য কেউ অপরের দিকে তাকিয়ে থাকে না। জনগণের জন্য কাজ করলে জনগণই টাকার বস্তা নিয়ে আসবে।’
ইশতেহার অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, উপদেষ্টা শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, অধ্যাপক মাহবুব উল্লাহ, কবি আবদুল হাই শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।