নিরাপদ ও স্থিতিশীল অঞ্চল গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমসটেকভুক্ত সদস্যদের প্রতি এই অঞ্চলের সব মানুষের মর্যাদা ও শান্তি রক্ষায় একটি নিরাপদ স্থিতিশীল ও সমৃদ্ধশালী এলাকা গড়ে তোলার অঙ্গীকার বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল মঙ্গলবার মািয়ানমারের রাজধানী নেপিডোর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তৃতীয় বিমসটেক (বে অব বেঙ্গল ইনিসিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন) শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। খবর বাসসের।
প্রধানমন্ত্রী বলেন, ‘বিমসটেকের ভ্রাতৃপ্রতিম সদস্যদের প্রতি আমি নিরাপদ, স্থিতিশীল ও সমৃদ্ধশালী অঞ্চল গঠনের মাধ্যমে নিজেদের জনগণের মর্যাদা, নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠার অঙ্গীকার বাস্তবায়নে সব ধরনের সহযোগিতা প্রদানের আহ্বান জানাচ্ছি।’ তিনি সমন্বিত অর্থনীতি ও অভিন্ন সমৃদ্ধির স্বার্থে সম্মিলিত প্রাকৃতিক সম্পদ ব্যবহারে বিমসটেক সদস্য দেশগুলোর ঐক্যবদ্ধ শক্তি ও সামর্থ্য নিয়ে কাজ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
শেখ হাসিনা বলেন, বিমসটেককে গতিশীল করতে প্রয়োজন ঐক্যবদ্ধ প্রচেষ্টা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, বিশ্বাস এবং সুফলের ন্যায়সংগত ও সুষম বণ্টন। শীর্ষ সম্মেলনে তৃতীয় বিমসটেক সম্মেলনের চেয়ারম্যান মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন স্বাগত ভাষণ দেন। অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং, শ্রীলংকার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে, নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা, ভুটানের প্রধানমন্ত্রী সেরিং তুবগে ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর বিশেষ দূত সিহাসাক ফুয়ানকেতকেউ বক্তব্য দেন।
১৯৯৭ সালের জুনে বিমসটেক গ্রুপ প্রতিষ্ঠিত হয়। এর সদস্য দেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।
উদ্বোধনী অনুষ্ঠানের পর দুটি মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন (এমওএস) এবং একটি সমঝোতা স্মারক (এমওইউ) বিমসটেক সদস্যভুক্ত রাষ্ট্র ও সরকারপ্রধানদের উপস্থিতিতে স্বাক্ষরিত হয়।
এগুলো হচ্ছে ঢাকায় বিমসটেকের স্থায়ী সচিবালয় প্রতিষ্ঠাসংক্রান্ত এমওএস, ভারতে আবহাওয়া ও জলবায়ু বিমসটেক সেন্টার প্রতিষ্ঠাসংক্রান্ত এমওএস এবং ভুটানে বিমসটেক কালচারাল ইন্ডাস্ট্রিজ কমিশন ও বিমসটেক কালচারাল ইন্ডাস্ট্রিজ অবজারভেটরি প্রতিষ্ঠাসংক্রান্ত সমঝোতা স্মারক।
শেখ হাসিনা বলেন, সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে তাৎপর্যপূর্ণ যোগাযোগের (কানেকটিভিটি) মাধ্যমে জনগণ, পণ্যসামগ্রী ও অন্য পরিষেবাগুলোর অবাধ যাতায়াত ও চলাচল নিশ্চিত করা গেলে এ অঞ্চলের দ্রুত উন্নয়ন ঘটবে।
প্রধানমন্ত্রী টেকসই জ্বালানি উন্নয়নের ওপর গুরুত্বারোপের পাশাপাশি আঞ্চলিক জ্বালানি গ্রিড ও জ্বালানি বাজার প্রতিষ্ঠার ওপর জোর দেন। ‘আমাদের বিপুল পরিমাণ অব্যবহূত জ্বালানি রয়েছে’ উল্ল্লেখ করে তিনি বলেন, বিশেষ করে জলবিদ্যুৎ উৎপাদনে দ্বিপক্ষীয় ও ত্রিপক্ষীয় প্রকল্প গ্রহণের বিরাট সুযোগ রয়েছে। তিনি বলেন, পানিসম্পদের লাভজনক সংরক্ষণ, উন্নয়ন ও এর ব্যবহারের ওপর এই অঞ্চলের টেকসই উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন নির্ভরশীল। বিশেষ করে অভিন্ন নদ-নদীগুলোর পানিসম্পদ বণ্টনে কার্যপ্রণালি প্রয়োজন।
শেখ হাসিনা দৃঢ় আস্থা প্রকাশ করে বলেন, ‘বিমসটেকের স্থায়ী সচিবালয় আমাদের সকল চুক্তি ও সিদ্ধান্ত বাস্তবায়নকে আরও ত্বরান্বিত করবে।’ বিমসটেকের সচিবালয় স্থাপনে ঢাকাকে নির্বাচন করায় প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন এবং এ জন্য সবাইকে ধন্যবাদ জানান। গতকাল নেপিডো ঘোষণা গ্রহণের মধ্য দিয়ে বিমসটেকের সম্মেলন শেষ হয়।