নিরাপদ কর্মস্থলের দাবিতে শিক্ষক সমিতির মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপদ কর্মস্থলের দাবিতে গতকাল বুধবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে এক মানববন্ধন হয়েছে। দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ওই মানববন্ধন হয়। মানববন্ধন কর্মসূচিতে শিক্ষক সমিতি শিক্ষকদের নিরাপত্তা জোরদার ও মর্যাদা রক্ষার জোর দাবি জানায়।

মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. আবু তাহের, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সহসভাপতি মো. শামিমুল ইসলাম, শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওমর সিদ্দিকী, শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ আইনুল হক, রসায়ন বিভাগের প্রভাষক মোহাম্মদ আতিকুর রহমান প্রমুখ।

মানববন্ধনে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, গত ১৪ জুন উপাচার্যের কার্যালয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলী আশরাফ রসায়ন বিভাগের একজন শিক্ষককে লাঞ্ছিত করেন এবং হুমকি দিয়ে আপত্তিকর মন্তব্য করেন, যা অনভিপ্রেত, দুঃখজনক। একজন শিক্ষক হয়ে তিনি কোনোভাবেই আরেকজন শিক্ষককে অপদস্থ করতে পারেন না।

সমিতির সভাপতি মো. আবু তাহের বলেন, ‘ওই ঘটনার প্রতিকার চেয়ে ভুক্তভোগী শিক্ষক রসায়ন বিভাগের প্রভাষক মোহাম্মদ আতিকুর রহমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে চিঠি দিয়েছেন। গ্রীষ্মকালীন ও ঈদের ছুটি থাকায় আমরা এ নিয়ে কোনো কথা বলিনি। এখন বিশ্ববিদ্যালয় খুলেছে। আমরা এর বিচার চাই। এভাবে একের পর এক শিক্ষকদের বাসায় হামলা, শিক্ষকদের আবাসিক কোয়ার্টারে চুরি, বিশ্ববিদ্যালয়ে ছাত্র কর্তৃক শিক্ষক লাঞ্ছনা এবং শিক্ষক কর্তৃক শিক্ষকদের ওপর হামলা হচ্ছে। প্রশাসন কোনো বিচার করছে না। বিচারহীনতার সংস্কৃতির কারণে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আজ একটি অনিরাপদ ক্যাম্পাসে পরিণত হয়েছে। এর দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বহন করতে হবে।’

ভুক্তভোগী শিক্ষক মোহাম্মদ আতিকুর রহমান বলেন, ‘এ ঘটনার পর আমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ি। লিখিত অভিযোগ করেও কোনো প্রতিকার পাইনি।’

অভিযোগ প্রসঙ্গে উপাচার্য মো. আলী আশরাফ বলেন, ‘আমার দপ্তরে কাউকে লাঞ্ছিত করা হয়নি। একজন জ্যেষ্ঠ শিক্ষক হিসেবে কনিষ্ঠ শিক্ষকের সঙ্গে কিছু বিষয় নিয়ে সেদিন (১৪ জুন) কথা হয়েছিল। এখন কেউ এটা নিয়ে আন্দোলন করলে আমার বলার কিছু নেই।’