নিরাপদ খাদ্য আইন কার্যকর হচ্ছে ১ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে নিরাপদ খাদ্য আইন কার্যকর করছে সরকার। আগামী ১ ফেব্রুয়ারি রোববার থেকে আইনটি কার্যকর হবে।
এই আইনে খাদ্যে ভেজাল করলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড দেওয়ার ও ২০ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। নিরাপদ খাদ্যের মান নিশ্চিত করতে ‘ভ্রাম্যমাণ আদালত পরিচালনা’ ও ‘বিশুদ্ধ খাদ্য আদালত’ গঠনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সচিবালয়ে গতকাল বৃহস্পতিবার খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সংবাদ সম্মেলনে এসব কথা জানান। তিনি বলেন, আগের অধ্যাদেশ অনুযায়ী অনিরাপদ খাদ্য উৎপাদক ও বিক্রেতার বিরুদ্ধে সরাসরি মামলা করা যেত না। এই আইনে মামলা করা যাবে।
খাদ্যমন্ত্রী জানান, ‘খাদ্য আদালত’ গঠনে আইন মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর তফসিলভুক্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কেও চিঠি দেওয়া হয়েছে। ইতিমধ্যে নিরাপদ খাদ্য আইনের জন্য ‘নিরাপদ খাদ্য বিধিমালা-২০১৪’ করা হয়েছে। এতে খাদ্যে ভেজাল ও ক্ষতিকর রাসায়নিক পদার্থ মেশানোর দায়ে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড ও ২০ লাখ টাকা জরিমানা করার বিধান রাখা হয়েছে।
২০১৩ সালের ৭ অক্টোবর জাতীয় সংসদে নিরাপদ খাদ্য বিল পাস হয়। গত ২৩ নভেম্বর আইনটি কার্যকর করতে খাদ্য মন্ত্রণালয়কে তিন মাসের সময় বেঁধে দিয়েছিলেন আদালত।
মন্ত্রী জানান, আইনটি কার্যকর করতে তাঁর নেতৃত্বে ৩০ সদস্যবিশিষ্ট খাদ্য ব্যবস্থাপনা উপদেষ্টা পরিষদ গঠন করা হবে।
‘নিরাপদ খাদ্য আইন, ২০১৩’-এর অধীনে নিরাপদ খাদ্য, খাদ্যদ্রব্য জব্দকরণ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ পদ্ধতি বিধিমালা, ২০১৪ প্রণীত হয়েছে। নিরাপদ খাদ্য আইন কার্যকর হলে ‘পিউর ফুড অর্ডিনেন্স, ১৯৫৯’ রহিত হবে। তবে ওই অধ্যাদেশের অধীনেই অনিষ্পন্ন কার্যক্রম, দায়ের করা মামলা ও তার আপিল চলবে। সংবাদ সম্মেলনে খাদ্যসচিব মুশফেকা ইকফাৎ ও মন্ত্রণালয়ের প্রধান তথ্য কর্মকর্তা তছির আহমদ উপস্থিত ছিলেন।