নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সংসদে উঠছে নতুনআইন
খাদ্যে ভেজাল নিয়ে সবাই এখন আতঙ্কগ্রস্ত। বিষাক্ত রাসায়নিক মিশ্রিত খাবার খেয়ে অনেকেই ক্যানসার দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে সরকার ভেজাল প্রতিরোধ এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কঠোর আইন প্রণয়ন করতে যাচ্ছে। প্রস্তাবিত নিরাপদ খাদ্য আইন, ২০১৩ সংসদের এ অধিবেশনে উঠবে।
খাদ্যমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক গতকাল রোববার চট্টগ্রামে এক সেমিনারে এ কথা বলেন। চট্টগ্রাম চেম্বার মিলনায়নে সংগঠনটি ‘নিরাপদ খাদ্য আইন, ২০১৩’ বিষয়ক এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে সভাপতিত্ব করেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এম এ লতিফ, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস মাহফুজুল বারি প্রমুখ বক্তব্য দেন। সেমিনারে প্রস্তাবিত ‘নিরাপদ খাদ্য আইন-২০১৩’-এর খসড়া নিয়ে আলোচনায় অংশ নেন খাদ্য ব্যবসায়ীরা।
আলোচনায় সাংসদ এম এ লতিফ প্রস্তাবিত আইনে জাতীয় নিরাপদ খাদ্য ব্যবস্থা উপদেষ্টা পরিষদের সদস্যপদে বেশির ভাগই বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের নাম থাকায় আপত্তি জানান। তিনি বলেন, সব বিষয়ের সিদ্ধান্তে সচিব সাহেবরা থাকবেন কেন? এই কমিটিতে শিক্ষক, চিকিৎসক, ভুক্তভোগী জনসাধারণের প্রতিনিধিদের রাখা উচিত।