নিরাপদ খাদ্য নিশ্চিতে চাই সামাজিক আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উৎপাদনের জায়গা থেকে শুরু করে খাবার টেবিল পর্যন্ত খাদ্য নিরাপদভাবে সরবরাহ করতে হবে। খাদ্য উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে দিতে হবে পর্যাপ্ত প্রশিক্ষণ। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে গড়ে তুলতে হবে সামাজিক আন্দোলন।
রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে গতকাল বুধবার ‘নিরাপদ খাদ্য: খাদ্যে ভেজাল ও দূষণ প্রতিরোধে সামাজিক আন্দোলন’ শীর্ষক এক কর্মশালায় এসব কথা বলেন বক্তারা। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়। এতে নিরাপদ খাদ্য আইন, ২০১৩, রেস্তোরাঁ, মিষ্টি, বেকারি, দুগ্ধজাত দ্রব্য, শাকসবজি, ফলমূল, প্যাকেটজাত খাবার নিরাপদ রাখার লক্ষ্যে করণীয় নির্ধারণ এবং বাস্তবায়ন পন্থা নিয়ে পৃথকভাবে দলগত আলোচনা ও প্রবন্ধ উপস্থাপন করা হয়।
কর্মশালায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, দেশের মানুষের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতেই নিরাপদ খাদ্য আইন, ২০১৩ প্রণয়ন করা হয়েছে। উন্নত বিশ্বের আদলে এই আইনের আওতায় সারা দেশে ১৮টি মন্ত্রণালয় একযোগে কাজ করছে। ভেজালকারীদের বিরুদ্ধে প্রাথমিকভাবে সচেতনতা তৈরি করে পরবর্তী সময়ে আইন প্রয়োগ করা হবে।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মুশতাক হাসান মুহ. ইফতিখার বলেন, নিরাপদ খাদ্য আইন বাস্তবায়নের মাধ্যমে নিরাপদ খাদ্য সরবরাহ করা সম্ভব। এ জন্য বহুমুখী সচেতনতা তৈরি করতে হবে।
সভাপতির বক্তব্যে ঢাকা বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমেদ বলেন, দেশের সব পর্যায়ের মানুষকে নিয়ে সামাজিক আন্দোলন ও সচেতনতা তৈরির মাধ্যমে এ বছর বাজারে ফরমালিনমুক্ত আম, লিচু পাওয়া গেছে। সব ক্ষেত্রেই এ পদ্ধতিতে নিরাপদ ভেজালমুক্ত খাদ্য সরবরাহ করা সম্ভব। এ জন্য সমাজের সবাই মিলে একসঙ্গে কাজ করতে হবে।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য আবদুল মালেক বলেন, দেশে খাদ্য প্রস্তুতকারী ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে প্রায় ১৫ লাখ। এখন দেশের তৈরি খাদ্য বিদেশে সুনামের সঙ্গে রপ্তানি করা হয়। তাই দেশে একটি স্বাধীন ও স্বতন্ত্র নিরাপদ খাদ্যকেন্দ্র, উন্নত মানের পরীক্ষাগার ও প্রস্তুতকারীদের জন্য উন্নত মানের প্রশিক্ষণকেন্দ্র তৈরি করা দরকার। তা করতে পারলে দেশ নিরাপদ খাদ্য নিশ্চিত করার অভিযাত্রায় অনেকটাই এগিয়ে যাবে।
বাংলাদেশ হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির প্রথম সহসভাপতি আনোয়ার হোসেন বলেন, সরকার হোটেল-রেস্তোরাঁর কর্মীদের পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করলে দেশে নিরাপদ খাদ্য সরবরাহ ব্যবস্থার উন্নয়ন হবে।
বিষয়ভিত্তিক দলগত আলোচনায় কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাধারণ সম্পাদক হুেমায়ূন কবির বলেন, অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশের হোটেল-রেস্টুরেন্টকে ভ্রাম্যমাণ আদালত দিয়ে জরিমানা করালে সমস্যার সমাধান হয় না। এ জন্য সরকারকে হোটেল-রেস্টুরেন্টের কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। তা বাস্তবায়নে সবাই মিলে গণসচেতনতা তৈরি করতে হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সচিব আবদুল বাতেন মিয়া বক্তব্য দেন। এ সময় খাদ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ, খাদ্যসচিব এ এম বদরুজ্জোহাসহ খাদ্য মন্ত্রণালয়, সিটি করপোরেশন, পৌরসভা, রেস্তোরাঁ ও খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান এবং ভোক্তা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।