নিরাপদ খাদ্য নিশ্চিতে জনসচেতনতা জরুরি
গবাদি পশু ও মুরগিতে প্রয়োজন ছাড়াই অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। শাকসবজিতে পাওয়া যাচ্ছে ক্ষতিকর কীটনাশক। ফলমূল পাকানো ও সংরক্ষণের জন্য ব্যবহার হচ্ছে কার্বাইড-ফরমালিন দিয়ে। খাদ্যের মাধ্যমে প্রতিনিয়ত এসব বিষ মানুষের শরীরে ঢুকছে। এ অবস্থা থেকে রক্ষা পেতে শুধু আইন প্রয়োগ করলে চলবে না, জনসচেতনতাও গড়ে তুলতে হবে।
বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আজ মঙ্গলবার চট্টগ্রাম সার্কিট হাউসে এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। জেলা প্রশাসনের সহায়তায় যৌথভাবে এ সেমিনারের আয়োজন করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। এবারের ভোক্তা দিবসের প্রতিপাদ্য বিষয়, অ্যান্টিবায়োটিকযুক্ত খাদ্যকে না বলুন।
চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীন। অন্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম শহিদুর রহমান, চট্টগ্রাম সিটি করপোরেশনের সংরক্ষিত কাউন্সিলর আবিদা আজাদ, জেসমিন পারভীন, মানবাধিকার কর্মী জেসমিন সুলতানা পারু, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক জুবায়ের আহমদ, ক্যাব চট্টগ্রামের সভাপতি এস এম নাজের হোসাইন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশুদ্ধ খাদ্য নিশ্চিতের জন্য দেশে বেশ কিছু আইন রয়েছে। জেলা প্রশাসন নগরের বিভিন্ন হোটেল-বেকারিতে নিয়মিত অভিযান চালাচ্ছে। এসব অভিযানে ভয়াবহ চিত্র পাওয়া যাচ্ছে। শুধু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা যথেষ্ট নয়। সাধারণ মানুষকেও নিজের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে।
সেমিনারে প্রধান অতিথি মো. রুহুল আমীন বলেন, আগামী প্রজন্মকে রক্ষা করতে নিরাপদ খাদ্য নিশ্চিতের বিকল্প নেই। যারা খাবারে ভেজাল মেশান তাঁরা এ সমাজেরই মানুষ। পরিবার, সমাজ ও রাষ্ট্রের সবার দায়িত্ব অসাধু ব্যবসায়ীদের এ পথ থেকে ফিরিয়ে আনা। তবে শুধু খাবারেই নয়, মানবদেহে চিকিৎসার ক্ষেত্রেও অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার হচ্ছে। চিকিৎসকদের এ বিষয়ে আরও দায়িত্বশীল হতে হবে।
ক্যাব চট্টগ্রামের সভাপতি এস এম নাজের হোসাইন বলেন, ব্যবসায়ীদের বিরুদ্ধে যখন অভিযান চলে তখন তাঁরা সংঘবদ্ধ হয়ে যান। কিন্তু ভোক্তারা সংগঠিত নন। নিজেদের অধিকার নিশ্চিত করতে আমজনতাকে সংঘবদ্ধ হতে হবে।