চট্টগ্রামে বিশ্ব ভোক্তা অধিকার দিবসের সেমিনারে বক্তারা
নিরাপদ খাদ্য নিশ্চিতে জনসচেতনতাও জরুরি
অসাধু ব্যবসায়ীদের হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে শুধু আইন প্রয়োগ করলে চলবে না, পাশাপাশি ব্যাপক জনসচেতনতাও গড়ে তুলতে হবে।
বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। তাঁরা বলেন, গবাদিপশু ও মুরগিকে প্রয়োজন ছাড়াই অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। শাকসবজিতে পাওয়া যাচ্ছে ক্ষতিকর কীটনাশক। ফলমূল পাকানো ও সংরক্ষণ করা হচ্ছে কার্বাইড-ফরমালিন দিয়ে। খাদ্যের মাধ্যমে প্রতিনিয়ত এসব বিষ মানুষের শরীরে ঢুকছে। অসাধু ব্যবসায়ীরা বেশি মুনাফার লোভে এসব করছেন। এটা রোধে জনগণকেই সচেতন হতে হবে।
জেলা প্রশাসনের সহায়তায় যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। এবার দিবসটির প্রতিপাদ্য হচ্ছে, অ্যান্টিবায়োটিকযুক্ত খাদ্যকে না বলুন।
চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীন। এ ছাড়া বক্তব্য দেন চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম শহিদুর রহমান, চট্টগ্রাম সিটি করপোরেশনের সংরক্ষিত কাউন্সিলর আবিদা আজাদ, জেসমিন পারভীন, মানবাধিকারকর্মী জেসমিন সুলতানা, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক জুবায়ের আহমদ, ক্যাব চট্টগ্রামের সভাপতি এস এম নাজের হোসাইন ও চট্টগ্রাম উইমেন চেম্বারের পরিচালক রেখা আলম চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে মো. রুহুল আমীন বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে নিরাপদ খাদ্য নিশ্চিতের বিকল্প নেই। যাঁরা খাবারে ভেজাল মেশান তাঁরা এ সমাজেরই মানুষ। পরিবার, সমাজ ও রাষ্ট্রের সবার দায়িত্ব অসাধু ব্যবসায়ীদের এ পথ থেকে
ফিরিয়ে আনা। তবে শুধু খাবারেই নয়, মানুষের চিকিৎসার ক্ষেত্রেও অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার হচ্ছে। চিকিৎসকদের এ বিষয়ে আরও দায়িত্বশীল হতে হবে।
ক্যাব চট্টগ্রামের সভাপতি এস এম নাজের হোসাইন বলেন, ব্যবসায়ীদের বিরুদ্ধে যখন অভিযান চলে তখন তাঁরা সংঘবদ্ধ হয়ে যান। কিন্তু ভোক্তারা সংগঠিত নন। নিজেদের অধিকার নিশ্চিত করতে আমজনতাকে সংঘবদ্ধ হতে হবে। ট্যানারি বর্জ্য দিয়ে মুরগির খাবার তৈরি, অপরিচ্ছন্ন কসাইখানা, ক্ষতিকর কীটনাশক ও অ্যান্টিবায়োটিক ব্যবহার বন্ধে প্রশাসনকে কঠোর নজরদারি করতে হবে।
অন্য বক্তারা বলেন, বিশুদ্ধ খাদ্য নিশ্চিতের জন্য দেশে বেশ কিছু আইন রয়েছে। জেলা প্রশাসন নগরের বিভিন্ন রেস্তোরাঁ ও বেকারিতে নিয়মিত অভিযান চালাচ্ছে। এসব অভিযানে ভয়াবহ চিত্র পাওয়া যাচ্ছে। পোড়া তেলে অস্বাস্থ্যকর উপকরণ ও পরিবেশে রান্না ও খাবার উৎপাদন হচ্ছে। শুধু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলেই যথেষ্ট নয়, সাধারণ মানুষকেও নিজের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে।