নিরাপদ খাদ্য নিয়ে সভা
‘নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ’-বিষয়ক এক অ্যাডভোকেসি সভা গতকাল সোমবার ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর প্রধান শরীফা বেগম।
ফেনী জেলা প্রশাসক মো. আমিন উল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল ফুড সোসাইটি প্রোগ্রামের উপদেষ্টা রোকেয়া বেগম, স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর উপপ্রধান মো. আবদুস সালাম ও সিভিল সার্জন হাসান শাহরিয়ার কবির।
বক্তারা বলেন, একশ্রেণির অসাধু ব্যবসায়ী অতি মুনাফার আশায় খাদ্যে ভেজাল মিশিয়ে বাজারে বিক্রি করেন। তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তাঁরা।
ফেনী জেলা সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা মো. মুছা আহসান ও জ্যেষ্ঠ স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. সাইফুদ্দিন আহমেদ চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বিএমএ ফেনী শাখার সভাপতি মঞ্জুরুল ইকবাল, কৃষি প্রকৌশলী মো. আহাদ আলী প্রমুখ।