নিরাপদ খাদ্য নীতিমালা করতে ঢাকায় সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের অন্তর্ভুক্ত রাষ্ট্রগুলোর জন্য নিরাপদ খাদ্যবিষয়ক একটি অভিন্ন নীতিমালা করতে তিন দিনের একটি আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে ঢাকায়। গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবন মিলনায়তনে এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। মূল সম্মেলন হবে সোনারগাঁও হোটেলে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ২০২০ সালের মধ্যে অতিদরিদ্রের সংখ্যা নয় শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ করছে বাংলাদেশ। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্য আয়ের দেশে পরিণত হওয়ার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল, বর্তমান উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকলে তার আগেই বাংলাদেশ মধ্য আয়ের দেশে পরিণত হবে।
খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, নিরাপদ খাদ্য অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ সফল হয়েছে। এবার আম ও বিভিন্ন ফলে ফরমালিন ও অন্যান্য রাসায়নিকের ব্যবহার হয়নি। মানুষ নিরাপদ খাদ্য পেয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বাংলাদেশের খাদ্য উৎপাদনের চিত্র তুলে ধরে বলেন, নিরাপদ খাদ্য অর্জনেও বাংলাদেশ আরও এগিয়ে যাবে। সে প্রচেষ্টা শুরু হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক ড. নাজমা শাহীন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি আন্তর্জাতিক মানের খাদ্য পরীক্ষাগার স্থাপনের দাবি জানান।
মূল সম্মেলনে কোস্টারিকা, নরওয়ে, থাইল্যান্ড, উগান্ডা, আইভরিকোস্ট, নিউজিল্যান্ড, সুইডেন ও কানাডার প্রতিনিধিরাসহ এফএও-এর নিরাপদ খাদ্য বিভাগের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। বাংলাদেশের নিরাপদ খাদ্য নিয়ে কাজ করা বিশেষজ্ঞ ও গবেষকেরাও এই নীতিমালা তৈরিতে অংশ নিচ্ছেন। ওই সভার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ কীভাবে নিরাপদ খাদ্য নিশ্চিত করবে সে ব্যাপারে একটি তথ্য ও বিজ্ঞানসম্মত নীতিমালা তৈরি করা হবে।