নিরাপদ খাদ্য বিধিমালা চূড়ান্ত করে গেজেট প্রকাশের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপদ খাদ্য আইন, ২০১৩ কার্যকর করতে নিরাপদ খাদ্য বিধিমালা চূড়ান্ত করে গেজেট আকারে তা প্রকাশ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদেশ পাওয়ার পর দুই মাসের মধ্যে গেজেট আকারে তা প্রকাশ করতে আইনসচিবের প্রতি নির্দেশ দেওয়া হয়।
নিরাপদ খাদ্য আইন, ২০১৩ কার্যকর করার নির্দেশনা চেয়ে গত মে মাসে লিগ্যাল অ্যাকশন বাংলাদেশ ফাউন্ডেশন নামের সংগঠনের পক্ষে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়। রিট আবেদনটির ওপর প্রাথমিক শুনানির পর ২৬ মে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুল জারি করার পাশাপাশি অন্তর্বর্তীকালীন নির্দেশনা দেন।
রুলে নিরাপদ খাদ্য আইন কার্যকরে তাৎক্ষণিক পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। একই সঙ্গে নিরাপদ খাদ্য আইন কার্যকরে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা প্রতিবেদন আকারে ১৬ জুনের মধ্যে আদালতে দাখিল করতে খাদ্যসচিবকে নির্দেশ দেওয়া হয়। এর ধারাবাহিকতায় গতকাল রাষ্ট্রপক্ষ ওই প্রতিবেদন আদালতে দাখিল করে। শুনানি নিয়ে আদালত উপরোক্ত আদেশ দেন।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী সৈয়দ মহিদুল কবির এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন সরকার শুনানি করেন। পরে আল আমিন সরকার প্রথম আলোকে বলেন, নিরাপদ খাদ্য আইন কার্যকর করতে নিরাপদ খাদ্য বিধিমালা চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে। এখন বিষয়টি মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে রয়েছে। এটা চূড়ান্ত করে আদেশ পাওয়ার দুই মাসের মধ্যে গেজেট আকারে তা প্রকাশ করতে আইনসচিবকে নির্দেশ দিয়েছেন আদালত।