রাজধানীতে আয়োজিত এক কর্মশালায় বক্তারা বলেছেন, নিরাপদ খাদ্যের জন্য দেশে যথেষ্ট অবকাঠামো নেই। কৃষকের কাছে বিক্রি হওয়া সারের ৬৫ শতাংশই ভেজাল। বেসরকারিভাবে বিক্রি হওয়া বীজও যথেষ্ট পরিমাণে ভালো মানের নয়। আর উৎপাদিত খাদ্য বিক্রির বিভিন্ন পর্যায়ে মাত্রাতিরিক্ত রাসায়নিক ব্যবহার করা হচ্ছে।
বক্তারা বলেন, খাদ্য উৎপাদন ও বিক্রির বিভিন্ন পর্যায়ে যেসব ঝুঁকি রয়েছে, তা মোকাবিলা করেই নিরাপদ খাদ্য আইন-২০১৩ বাস্তবায়ন করতে হবে। ওই ঝুঁকিগুলো দূর করতে সদ্য প্রতিষ্ঠিত নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে কাজ করতে হবে।
গতকাল বুধবার রাজধানীর সেচ ভবনে কৃষি উপকরণ এবং নিরাপদ খাদ্যের জন্য নীতি বিশ্লেষণ শীর্ষক এ কর্মশালা হয়। এতে নিরাপদ খাদ্য এবং কৃষি উপকরণ বিষয়ে পাঁচটি গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হয়।
যুক্তরাষ্ট্র সরকারের বৈদেশিক বিষয়ক উন্নয়ন সংস্থা ইউএসএআইডির সহায়তায় আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা সংস্থার (ইফপ্রি) তত্ত্বাবধানে গবেষণাগুলো হয়। সেন্টার ফর এগ্রি রিসার্চ অ্যান্ড সাসটেইনেবল এনভায়রনমেন্ট অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্ট (কাসিড) গবেষণাগুলো পরিচালনা করে।
কৃষি উপকরণের মান নিয়ে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করতে গিয়ে গবেষণা সংস্থার মিঞা আবদুর রশীদ বলেন, কৃষকেরা সরকারি সংস্থা বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও বেসরকারি খাতের কাছ থেকে বীজ সংগ্রহ করেন। কিন্তু বেশির ভাগ কৃষক মনে করেন, বেসরকারি বীজের চেয়ে সরকারি বীজের মান ভালো। কয়েকটি বেসরকারি কোম্পানি ছাড়া বাকিদের বীজের মান ভালো নয়।
খাদ্য নিরাপত্তাবিষয়ক গবেষণাপত্রে কাসিডের গবেষক সালেহ আহমেদ বলেন, কোনো খাদ্য বা কৃষি উপকরণ নিরাপদ কি না, তা বোঝার মতো কোনো পরীক্ষাগার দেশে নেই। মাছ, সবজি এবং শিল্পপণ্যের মান পরীক্ষার জন্য আলাদা পরীক্ষাগার রয়েছে। কিন্তু সেগুলোর আন্তর্জাতিক মান বা এক্রিডিশন নেই।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের সচিব ইউনুসুর রহমান, কৃষি মন্ত্রণালয়ের নীতি গবেষণাবিষয়ক সংস্থা পলিসি সাপোর্ট ইউনিটের (আপসু) মহাপরিচালক নাজমুল ইসলাম, কাসিডের প্রধান জহুরুল করিম বক্তব্য দেন।