নিরাপদ গোসলের নিশ্চয়তা চান পর্যটকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল রোববার সকাল নয়টা। কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে স্কুলপড়ুয়া দুটি ছেলেমেয়ে নিয়ে কোমরপানিতে গোসল করতে নামেন ঢাকার বাড্ডা থেকে ভ্রমণে আসা ব্যবসায়ী শমসের আলম। প্রায় ২০ মিনিট গোসলের পর খেয়াল হলো ছেলে জামসেদ তাঁদের সঙ্গে নেই। শুরু হয় কান্নাকাটি, হইচই। খবর দেওয়া হয় স্থানীয় দুই ডুবুরিকে। তাঁরা প্রায় ১৫ মিনিট তল্লাশি চালিয়ে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেন জামসেদকে। পরে ডুবুরিরা পেটের পানি বের করে তাকে সুস্থ করে তোলেন। শমসের আলম (৪৭) ছেলেমেয়ে দুটিকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন।বেলা ১১টায় একই স্থানে গোসলে নেমে অল্পের জন্য রক্ষা পান চট্টগ্রামের মিরসরাই থেকে আসা পর্যটক মোসলেম উদ্দিন (৪৪)। তিনি জানান, সমুদ্রের টানে প্রতিদিন হাজার হাজার পর্যটক কক্সবাজারে ছুটে আসেন। সাগরে গোসল করতে নেমে পর্যটকদের বিপদে পড়তে হচ্ছে। গুপ্তখাল বা ভাটির স্রোতে নিখোঁজ হয়ে প্রাণ দিতে হচ্ছে অনেককে। কয়েক যুগেও এই সৈকতে নিরাপদ গোসলের ব্যবস্থা হলো না। আরও কয়েকজন পর্যটক জানান, সমুদ্রসৈকত ঘিরে হাজার কোটি টাকা বিনিয়োগ করে আশপাশে আধুনিক মানের শতাধিক হোটেল-মোটেল-গেস্টহাউস নির্মাণ করা হয়। অথচ কয়েক লাখ টাকা খরচ করে সমুদ্রের একটি অংশকে লোহার জাল দিয়ে ঘিরে নিরাপদ গোসলের ব্যবস্থা গড়ে তোলার গুরুত্ব কেউ অনুভব করছে না। নিরাপদে গোসল ও ভ্রমণের নিশ্চয়তা না পেলে পর্যটকেরা কেন কক্সবাজার ভ্রমণে আসবেন?হোটেল-মোটেল-গেস্টহাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার জানান, দুবছর আগে সৈকতের লাবণী পয়েন্টে প্রায় ২০০ মিটার দীর্ঘ সৈকতকে জাল দিয়ে ঘিরে নিরাপত্তাবলয় তৈরি করে পর্যটকদের নিরাপদ গোসলের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছিল সৈকত-ব্যবস্থাপনা (বিচ-ম্যানেজমেন্ট) কমিটি। ওই বলয়ে পর্যাপ্ত লাইফ জ্যাকেট ও উদ্ধারকর্মী (ডুবুরি) মোতায়েন রাখার কথা ছিল। কিন্তু নানা কারণে তা আর বাস্তবায়ন হয়নি।সৈকতে গোসল করতে এসে নিখোঁজ পর্যটকদের উদ্ধার তৎপরতায় নিয়োজিত স্থানীয় বেসরকারি সংস্থা ইয়াসির লাইফ গার্ড স্টেশনের পরিচালক ও নৌবাহিনীর অবসরপ্রাপ্ত ডুবুরি মোস্তফা কামাল জানান, গত ১১ বছরে এই সাগরে গোসল করতে নেমে ৭৪ জন পর্যটক মারা যান। এ ছাড়া ৫১২ জন পর্যটককে উদ্ধার করা হয়। এদের মধ্যে নারীর সংখ্যা দুই শতাধিক।সৈকত-ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ জানান, সৈকতের আকৃতি বা তলদেশ খালের আদলে খাড়া এবং একেক সময় একের রূপ ধারণ করে। তাই জাল দিয়ে ঘিরে রাখা যাচ্ছে না। এখন বিশেষজ্ঞদের দিয়ে বিকল্প নিরাপদ গোসলের ব্যবস্থা তৈরির চেষ্টা চলছে। তা ছাড়া যখন-তখন সাগরে নেমে গোসল করার ওপর বিধিনিষেধ আরোপ এবং এ ব্যাপারে পর্যটকদের সচেতন করার উদ্যোগ নেওয়া হচ্ছে।ডুবুরি মোস্তফা কামাল জানান, আগামী ১৫ অক্টোবর দুর্গাপ্রতিমা বিসর্জনের পর থেকে সৈকতে লাখো পর্যটকের সমাগম ঘটবে। এ সময় গুপ্তখালে আটকা পড়ে মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। তাই জোয়ার-ভাটা হিসাব করে পর্যটকদের গোসলে নামার পরামর্শ দেওয়া হয়। ভাটার সময় গোসলে নামা নিরাপদ নয়। তাই সৈকতজুড়ে ‘লাল পতাকা’ উড়ানো হয়। আর জোয়ারের সময় উড়ানো হয় ‘সবুজ পতাকা’। এ সময় গোসল করা নিরাপদ।