নিরাপদ নগরীর জন্য চাই নারীবান্ধব পরিকল্পনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী এখন শুধু ঘরেই নির্যাতনের শিকার নয়; তারা পথেঘাটে প্রকাশ্য স্থানে নির্যাতনের শিকার হচ্ছে। নারীর জন্য পর্যাপ্ত যানবাহন নেই, নেই পর্যাপ্ত টয়লেট। যা রয়েছে তা-ও অপরিচ্ছন্ন। নারীর জন্য নিরাপদ নগর গড়তে প্রয়োজন নারীবান্ধব পরিকল্পনা।
রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে গতকাল বুধবার ‘নিরাপদ নগরী নির্ভয় নারী’ শীর্ষক সংলাপে বক্তারা এসব কথা বলেন। বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টা এবং অ্যাকশনএইডের যৌথ উদ্যোগে এই সংলাপের আয়োজন করা হয়।
এতে বক্তারা বলেন, যে নারীরা কাজের জন্য বাইরে যান তাঁরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হন। তাঁরা ঘরে সব ধরনের কাজ করেন আবার উপার্জনের জন্য বাইরে কাজ করেন। দেখা যায় ১৬ থেকে ১৮ ঘণ্টা কাজ করেন। এটা মানবাধিকারের লঙ্ঘন কি না, তা ভেবে দেখা প্রয়োজন।
রাজশাহী সিটি করপোরেশনের কাউন্সিলর নাজমা খাতুনের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন জাতীয় মহিলা আইনজীবী সমিতির বিভাগীয় প্রধান দিল সেতারা চুনি। বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী রাশেদ রিপনের সঞ্চালনায় আলোচনাতে অংশ নেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মাহাবুবা কানিজ, গবেষক ফারহাত জাহান, মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক কল্পনা রায়, মহিলা পরিষদ বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক কল্পনা রায় ভৌমিক, রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি দিলারা আমজাদ, শিক্ষার্থী সয়মা রফিজা, সাবিনা পুঁথি, শিরীন সুলতানা প্রমুখ। সমাপনী বক্তব্য দেন বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার পরিচালক ফয়েজুল্লাহ চৌধুরী।