নদীপথে যাত্রী ও পণ্য পরিবহন নিরাপদ করার জন্য সুরক্ষিত নৌপথ গড়ে তুলতে নৌপরিবহন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব সংস্থার কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এ লক্ষ্যে দেশের নদ-নদীর নাব্যতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রণালয়গুলোর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় পরিকল্পনার অংশ হিসেবে গতকাল সচিবালয়ে নৌপরিবহন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। এ সময় মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মনজুরুল ইসলাম ও মন্ত্রণালয়ের অধীন সংস্থাগুলোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খবর বাসসের।
কর্মকর্তাদের নদীদূষণ রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে শেখ হাসিনা বলেন, কর্ণফুলী, সুরমা বা কুশিয়ারাকে আবর্জনা ও তেল নিঃসরণের স্থান হওয়া থেকে রক্ষা করতে হবে। নদীতীর দখল বন্ধে নিতে হবে আরও কার্যকর পদক্ষেপ।
সম্প্রতি বুড়িগঙ্গা ভ্রমণের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘নদীটির দূষণ দেখে আমি সত্যিই কষ্ট পেয়েছি। নদীটি সম্পূর্ণ মরে গেছে এবং এ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে দেখে আমার কান্না আসছিল। এটা আমাদের জন্য নিদারুণ উদ্বেগের বিষয়। কারণ, ঢাকা এই বুড়িগঙ্গার তীরেই অবস্থিত।’
প্রধানমন্ত্রী আশঙ্কা ব্যক্ত করে বলেন, ‘চট্টগ্রামে কর্ণফুলী, খুলনায় ভৈরব, সিলেটে সুরমা, কুশিয়ারা ও মনু এবং বরিশালের নদীগুলোও ভবিষ্যতে বুড়িগঙ্গার মতো ভাগ্যবরণ করতে পারে। কিন্তু আমরা আমাদের নদ-নদীকে মরে যেতে দিতে পারি না।’
শেখ হাসিনা বলেন, শহরের ময়লা-আবর্জনার উৎস চিহ্নিত করা এবং ড্রেনেজ ব্যবস্থা ও ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনের মাধ্যমে তা পরিশোধন ও নিষ্কাশন করতে হবে। দূষণের পথ বন্ধ না হলে বুড়িগঙ্গা পরিচ্ছন্ন হবে না।
জাতীয় নদী কমিশন আইন যথাযথভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, ৫৩টি নদীর নাব্যতা পুনরুদ্ধারের অংশ হিসেবে ৩৬টি নদীতে ক্যাপিটাল ড্রেজিংয়ের কাজ চলছে। অন্যগুলোও পর্যায়ক্রমে ড্রেজিং করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, ‘পানিসম্পদ মন্ত্রণালয় ঢাকার চারদিকের চারটি নদী ড্রেজিং করছে। কিন্তু তারা বিভিন্ন অজুহাতে মাঝেমধ্যেই এ কাজ বন্ধ করে দেয়। আমি খোঁজ নিলে আবার তা শুরু করে।’ তিনি বলেন, অনেক প্রভাবশালী ব্যক্তিও নদীর ওপর স্থায়ী স্থাপনা গড়ে তুলেছেন। এসব স্থাপনা ভাঙতে বলা হলে তাঁরা প্রশ্ন তোলেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নৌ মন্ত্রণালয়ের অধীন আটটি সংস্থার সঙ্গে অটোমেশন ও ভিডিও কনফারেন্সিং ব্যবস্থারও উদ্বোধন করেন।