নিরাপদ পথখাবার বিক্রির ৯৪টি গাড়ি হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা থেকে বরিশাল সিটি করপোরেশনকে দেওয়া নিরাপদ পথখাবার বিক্রির ৯৪টি গাড়ি হস্তান্তর করা হয়েছে। গাড়িগুলো দেওয়া হয়েছে বিনা মূল্যে। বিক্রেতাদের দেওয়া হয়েছে প্রশিক্ষণ।
গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় নগরের অশ্বিনীকুমার হলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে পথখাবার বিক্রেতাদের কাছে গাড়িগুলো হস্তান্তর করেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব কামাল।
কিংস অব নেদারল্যান্ডসের আর্থিক সহায়তায় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও-ইউএন) কারিগরি সহযোগিতায় প্রকল্প বাস্তবায়ন করবে বরিশাল সিটি করপোরেশন।
গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার রিজিওনাল ফুড সেফটি অ্যান্ড নিউট্রিশন কর্মকর্তা শ্রীধর ধর্মপুরী, সিনিয়র টেকনিক্যাল অ্যাডভাইজার প্রেম এন শর্মা, জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার সিনিয়র ন্যাশনাল অ্যাডভাইজার শাহ মনির হোসেন, বরিশালের জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান, সিভিল সার্জন এ এফ এম শফিউদ্দিন, উপপুলিশ কমিশনার গোলাম রউফ খান, সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মতিউর রহমান প্রমুখ।
নিরাপদ পথখাবার বিক্রির গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে মেয়র আহসান হাবিব কামাল বলেন, বরিশাল সিটি করপোরেশন এলাকায় এখন থেকে আর খোলা অস্বাস্থ্যকর পরিবেশে কোনো খাবার বিক্রি করতে দেওয়া হবে না।