নিরাপদ পরিবেশ চান নরসিংদীর ভোটাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বস্ত্রনগরী খ্যাত জেলা নরসিংদী। নরসিংদী পৌর নির্বাচনের সব কটি ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ বলে মনে করছে প্রশাসন। তবু ভোটাররা স্বপ্ন দেখেন নিরাপদ পরিবেশের। গতকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত পৌর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার ভোটারদের সঙ্গে কথা বলে এ কথা জানা গেছে।
সকাল সাড়ে ১০টার দিকে তরোয়া কাবুল শাহ মাজার এলাকায় কথা হয় আসলাম মিয়া নামের এক নির্মাণশ্রমিকের সঙ্গে। তিনি বলেন, ‘নিজের শরীরের রক্ত পানি কইরা রোজগার করি। কারও ধার ধারি না। তাই আমি চাই এমন একজন নেতা হোক, যিনি কারও ক্ষতির কারণ হবেন না।’
বেলা সোয়া ১১টার দিকে চৌয়ালা শিল্প এলাকার মমিন টেক্সটাইলের নাসরিন আক্তার, আম্বিয়া বেগম, শান্তি আক্তারসহ সাত-আটজন নারী শ্রমিক বলেন, যাঁর কাছে নারীর সম্মান আছে, মূল্যায়ন আছে, বৈষম্যের শিকার হতে হবে না, আর নারীর নিরাপত্তা যিনি নিশ্চিত করার পাশাপাশি তাঁদের মতো শ্রমিক শ্রেণির লোকজনকে নিয়ে ভাববেন, তাঁর পাশেই থাকবেন।
দুপুর ১২টার দিকে নরসিংদী সরকারি কলেজে গিয়ে কথা হয় কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে। তাঁরা কেমন পৌর মেয়র চান, এমন প্রশ্নের জবাবে ফাহিম সাদেক নামের স্নাতকোত্তর শ্রেণির এক ছাত্র বলেন, ‘জেলার বাইরে গেলে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। নরসিংদীকে কেউ ভালোভাবে নিতে চায় না। সবাই উচ্ছৃঙ্খল মনে করে। তাই যিনি নরসিংদীতে শিক্ষাবান্ধব সুষ্ঠু পরিবেশ বজায় রাখবেন, আমরা তাঁকেই মেয়র করতে চাই।’
নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবদুল্লাহ আল মামুন বলেন, ‘যিনি নিজে নিরাপদ এবং যাঁর হাতে আমরা নিরাপদ থাকব, এমন কাউকেই আমাদের প্রতিনিধি করতে চাই। কারণ দেশের যে অগ্রগতি, তাতে ব্যবসায়ীদের ভূমিকা অপরিহার্য। সেখানে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’
নরসিংদী কলেজ শিক্ষক সমিতির (নকশিস) সভাপতি ও আবদুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ মশিউর রহমান মৃধা বলেন, শিক্ষা, সংস্কৃতি, ভাষা ও মুক্তিযুদ্ধের চেতনা যিনি লালন করেন এবং সুন্দর আগামীকে গড়ে তোলার জন্য যাঁর নিরন্তর চেষ্টা থাকবে, আমি তাঁকেই ভোট দেওয়ার জন্য সবার কাছে আহ্বান জানাচ্ছি।’
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা শাখার সাধারণ সম্পাদক হলধর দাস বলেন, ‘নরসিংদীর নির্বাচন নিয়ে কিছুটা শঙ্কা কাজ করছে। এখানে প্রার্থীদের মানসিকতায় কিছুটা পরিবর্তন আনা উচিত বলে মনে করি। আশা করছি প্রশাসন একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেবে।’
নরসিংদী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক কাজী নাজমুল ইসলাম বলেন, ‘নরসিংদীতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে আশা করছি। আমি বিএনপিও বুঝি না, আওয়ামী লীগও বুঝি না। যিনি প্রয়াত মেয়র লোকমান হোসেনের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পারবেন, এমন কাউকেই মেয়র চাই।’
নরসিংদীর রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুরাইয়া বেগম বলেন, ‘৩৪টি ভোটকেন্দ্রের মধ্যে সব কটিই ঝুঁকিপূর্ণ। তবে আমাদের সব রকম প্রস্তুতি আছে। আশা করছি একটি সফল সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারব।’
নরসিংদীতে পৌর নির্বাচনে মেয়র পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন বর্তমান মেয়র ও আওয়ামী লীগের প্রার্থী মো. কামরুজ্জামান, বিএনপির মো. সাইফুল ইসলাম, আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী এস এম কাইয়ুম, জাতীয় পার্টির (জেপি) সাদেকুর রহমান ও ন্যাশনাল পিপলস পার্টির ফারজানা আক্তার। নয়টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর ৪২ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩ জন লড়াই করছেন।