নিরাপদ পানিতে খুশির জোয়ার
আর্সেনিকোসিস রোগে মা-বাবা ও দুই ভাইকে হারিয়েছেন আবদুল হান্নান। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের বড় দুধপাতিলা গ্রামের এই তরুণ ও তাঁর সৎমা সালেমা বেগমও আর্সেনিকোসিসে আক্রান্ত। তবে গত বুধবার এই গ্রামে ছিল ‘ঈদের আনন্দ’। নিরাপদ পানির নিশ্চয়তা পেয়ে খুশিতে উদ্বেলিত হয় বড় দুধপাতিলার মানুষ।
ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে, এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ যশোর এবং রুরাল ইকোনমিক ওয়েলফেয়ার অর্গানাইজেশন (রিসো) চুয়াডাঙ্গা ৪০ লাখ ৪২ হাজার ৭০০ টাকা ব্যয়ে ‘পাইপলাইন ওয়াটার সাপ্লাই সিস্টেম’ প্রকল্প বাস্তবায়ন করেছে। বুধবার পাইপলাইনে গ্রামবাসীকে নিরাপদ পানি সরবরাহ শুরু হয়েছে। এর উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সাংসদ আলী আজগার।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তথ্যমতে, জেলায় ৬১২টি গ্রামের মধ্যে ২০৪টির ভূগর্ভস্থের পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক রয়েছে। জেলায় বর্তমানে আর্সেনিক রোগীর সংখ্যা ২ হাজার ৪৪৯ জন। যার মধ্যে বড় দুধপাতিলা গ্রামেই রয়েছে ২১১ জন। এই গ্রামে ৮০ শতাংশ নলকূপেই মাত্রাতিরিক্ত আর্সেনিক পাওয়া গেছে। গত দুই দশকে এ গ্রামেই আর্সেনিকোসিস রোগে মারা গেছে ২৭ জন মানুষ। বড় দুধপাতিলা গ্রামে গিয়ে কথা হয় গৃহবধূ মিতা খাতুনের সঙ্গে। তিনি বলেন, ‘আমাগের গ্রামে অ্যাকন ঈদির আনন্দ। অ্যাকন থেইকে ভালো পানি খাতি পারব। তা-ও বাড়ি বইসে পাওয়া যাবে।’
গ্রামের ব্যবসায়ী আবদুল হান্নান বলেন, ১৯৯৬ সালে তাঁর সেজো ভাই ইউপি সদস্য আবদুল মান্নান আর্সেনিকোসিস রোগে মারা যান। এর আগে ১৯৯৪ সালে মা জামেনা বেগম ও ১৯৯৫ সালে মেজো ভাই ইব্রাহিম হোসেন মারা যান। রোগের লক্ষণ ও ব্যবস্থাপত্র দেখে চিকিৎসকেরা ওই দুজনের মৃত্যুও আর্সেনিকোসিসে হয়েছে বলে নিশ্চিত করেন। সর্বশেষ ২০১৩ সালে বাবা রিয়াজ উদ্দিনও আর্সেনিকোসিসে মারা যান।
গ্রামের বাসিন্দা আসিফ করিম জানান, ১৯৯৯ সালে তাঁর মা ও ২০১৩ সালে বাবা আর্সেনিকোসিসে মারা যান। বর্তমানে তিনি এবং বড় ভাই ও মেজো ভাই আর্সেনিকোসিসে আক্রান্ত।
পাইপলাইন ওয়াটার সাপ্লাই সিস্টেম কমিটির সভাপতি মো. আসাদুজ্জামান বলেন, গ্রামের আজিবার রহমানের দান করা জমিতে ৩০ হাজার লিটার ক্ষমতাসম্পন্ন জলাধার নির্মাণ করা হয়েছে। পানি সরবরাহের জন্য ৬৩টি কমিউনিটি স্ট্যান্ডপোস্ট স্থাপন করা হয়েছে। প্রতিটি স্ট্যান্ডপোস্টথেকে ৯-১০টি পরিবার পানি নিতে পারবে। পাম্পচালক আশরাফুল আলম বলেন, প্রতিদিন সকাল সাড়ে ছয়টা থেকে আটটা, দুপুর ১২টা থেকে দুইটা ও বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা ছয়টা পানি সরবরাহ করা হবে। এ জন্য মাসে গ্রাহকপ্রতি ৩০ টাকা ধরা হয়েছে।
রিসোর নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম বলেন, গ্রামের মোট ৬২০টি পরিবারের মধ্যে ৫৯০ পরিবার প্রথম দিন থেকেই সুবিধা ভোগ করছে।