বিশ্ব পানি দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে টেকসই উন্নয়নের স্বার্থে সব জনগোষ্ঠীর জন্য সমতার ভিত্তিতে নিরাপদ পানির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
গতকাল রোববার রাজধানীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মিলনায়তনে ‘সিকিউরিং সাসটেইনেবল ওয়াটার ফর অল’ শীর্ষক এই সেমিনার যৌথভাবে আয়োজন করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, পলিসি সাপোর্ট ইউনিট, জাতিসংঘ তথ্যকেন্দ্র, ইউনিসেফ, বিশ্বব্যাংক, অক্সফাম, বাংলাদেশ ওয়াশ অ্যালায়েন্স ও এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ। এবারের পানি দিবসের প্রতিপাদ্য ছিল ‘পানির সহজ প্রাপ্তি টেকসই উন্নয়নের ভিত্তি’।
অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত সচিব আবদুল মালেক বলেন, নিরাপদ পানি ও স্যানিটেশনের অভাবে প্রতিবছর বাংলাদেশ সরকারের ৮০ কোটি মার্কিন ডলার ক্ষতি হয়।
বক্তব্য দেন সেমিনারের ওয়ার্কিং সেশনের সভাপতি স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফিরোজ আহমেদ, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ফচ, জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) পানিবিশেষজ্ঞ মোহাম্মদ শফিকুল আলম, বিশ্বব্যাংকের লিড ওয়াটার অ্যান্ড স্যানিটেশন বিশেষজ্ঞ জোয়েল কলকার, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি গঞ্জালো সেরানো। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেদা আহসানের সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন এনজিও ফোরামের নির্বাহী পরিচালক এস এম এ রশীদ, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান প্রমুখ।
সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক মো. মুজিবর রহমান।
এ ছাড়া বিশ্ব পানি দিবস উপলক্ষে টিআইবি গতকাল সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনে মানববন্ধন করে। বাপা পানির অধিকার প্রতিষ্ঠায় পদযাত্রা করে জাতীয় জাদুঘরের সামনে। এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ ও ওসাপ বাংলাদেশ মিরপুরের দুয়ারিপাড়ায় শোভাযাত্রা, সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।