নিরাপদ পুনর্বাসন ছাড়া উচ্ছেদ না করার দাবি হরিজনদের
নিরাপদ পুনর্বাসনের আগে উচ্ছেদ না করার দাবি জানিয়েছেন ময়মনসিংহ শহরের সূর্যকান্ত হাসপাতালের জমিতে বসবাস করে আসা হরিজনেরা। গতকাল মঙ্গলবার বাংলাদেশ মানবাধিকার কমিশনের প্রতিনিধিদলের কাছে তাঁরা এ দাবি জানান।
শহরের র্যালির মোড় এলাকায় সূর্যকান্ত হাসপাতালের জমিতে বসবাস করা হরিজনদের উচ্ছেদের জন্য গত বছরের ১২ ডিসেম্বর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়। সূর্যকান্ত হাসপাতালটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃক পরিচালিত হয়। উচ্ছেদের চিঠিতে ১৫ দিনের মধ্যে অবৈধ বাড়িঘর ছেড়ে চলে যেতে বলা হয়। এর পরিপ্রেক্ষিতে ২০ ডিসেম্বর ওই জমিতে বসবাস করা ২০টি হরিজন পরিবার বাংলাদেশ মানবাধিকার কমিশনের কাছে লিখিত আবেদন করে। আবেদনে তারা নিরাপদ পুনর্বাসনের আগে উচ্ছেদ না করার দাবি জানায়।
গতকাল মানবাধিকার কমিশনের পরিচালক শরীফ উদ্দিন ও সদস্য মেঘনা গুহ ঠাকুর হরিজনদের সঙ্গে কথা বলেন। তাঁরা বলেন, বসবাসের অধিকার একটি সাংবিধানিক অধিকার। সঠিক পুনর্বাসনের আগে যেন হরিজনদের উচ্ছেদ না করা হয়, তাঁরা সে ব্যাপারে কমিশনে প্রতিবেদন জমা দেবেন। কমিশন অবশ্যই প্রতিবেদনের সূত্র ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবে।