নিরাপদ প্রসবের জন্য ইউএনএফপিএর সহায়তা
বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত এলাকায় নিরাপদ প্রসবের জন্য জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) সরকারকে ওষুধ ও বিশেষ প্রজনন স্বাস্থ্য সরঞ্জাম দিয়েছে। গতকাল বুধবার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ওয়াহিদ হোসেনের হাতে এই সরঞ্জাম আনুষ্ঠানিকভাবে তুলে দেন ইউএনএফপিএর প্রতিনিধি আর্জেন্টিনা মাতাভেল পিচ্চিন।
ইউএনএফপিএর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে এই সহায়তা দেওয়া হবে এবং এসব ওষুধ ও সরঞ্জাম প্রায় পাঁচ হাজার মহিলাকে নিরাপদ প্রসবে সুরক্ষা দেবে। সাম্প্রতিক বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত পাঁচটি এলাকার প্রায় ২৭ লাখ মানুষ বিপাকে পড়েছে, এদের মধ্যে প্রজনন বয়সী নারী ও মেয়ের সংখ্যা ৭ লাখ ১৫ হাজার। অনুমিত হিসাবে বলা হচ্ছে, এঁদের মধ্যে গর্ভবতী ২৪ হাজার এবং আগামী তিন মাসে সন্তান প্রসব করবেন ১২ হাজার ৭০০ প্রসূতি।
ওষুধ ও সরঞ্জাম হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আর্জেন্টিনা মাতাভেল পিচ্চিন বলেন, দুর্যোগে খাদ্য ও বাসস্থান-সহায়তার পাশাপাশি নারী ও মেয়েদের বিশেষ চাহিদার কথাও ভাবতে হবে। বিশেষ করে ভাবতে হবে গর্ভবতী নারী ও নবজাতকের কথা।’
মোহাম্মদ ওয়াহিদ হোসেন বলেন, ইউএনএফপিএর এই সহায়তা উপদ্রুত এলাকায় মা ও শিশুদের জীবন রক্ষায় বিশেষ ভূমিকা রাখবে। বিজ্ঞপ্তি।