নিরাপদ মাতৃত্ব দিবস
‘আসুন নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল বুধবার নানা কর্মসূচিতে চট্টগ্রামে উদ্যাপিত হয়েছে নিরাপদ মাতৃত্ব দিবস।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় ও চট্টগ্রামের বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সকালে প্রেসক্লাব চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।
বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন সংসদ সদস্য ওয়াসিকা আয়েশা খান। শোভাযাত্রাটি সিভিল সার্জন কার্যালয়ে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সিভিল সার্জন ডা. মো. সরফরাজ খান চৌধুরী সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. আলাউদ্দিন মজুমদার। ইপসার প্রকল্প ব্যবস্থাপক ফারহানা ইদ্রিসের উপস্থাপনায় আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য দেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো. রফিক উদ্দিন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেনারেল হাসপাতালের গাইনি বিভাগের কনসালট্যান্ট ডা. ফাহমিদা রশীদ।