নিরাপদ মাতৃত্ব দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ২৮ মে শনিবার নিরাপদ মাতৃত্ব দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘সকল প্রসূতির জন্য মানসম্মত সেবা আমাদের অঙ্গীকার’। দিবসটি উপলক্ষে রাষ্ট্রীয়ভাবে ও বিভিন্ন বেসরকারি সংস্থা নানা কর্মসূচি পালন করবে।
নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেছেন, সুস্থ জাতি গড়তে গর্ভবতী মা ও নবজাতকের পরিচর্যা খুবই জরুরি। দিবসটি পালনের মাধ্যমে মাতৃস্বাস্থ্য সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে। প্রধানমন্ত্রী তাঁর বাণীতে দিবসটির এবারের প্রতিপাদ্যকে খুবই সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ অভিহিত করে বলেন, ‘এসডিজি লক্ষ্যমাত্রা অনুসারে ২০৩০ সালের মধ্যে মাতৃমৃত্যুর হার প্রতি লাখ জীবিত জন্মে ৭০ বা তার নিচে নামিয়ে আনতে হবে। আমার দৃঢ় বিশ্বাস, সরকারের গৃহীত বিভিন্ন বাস্তবমুখী কর্মসূচির সফল বাস্তবায়নের মাধ্যমে আমরা ঈপ্সিত লক্ষ্যে পৌঁছাতে পারব।’
জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান (নিপোর্ট) প্রকাশিত বাংলাদেশ স্বাস্থ্য ও জনমিতি জরিপ ২০১৪-এর প্রতিবেদন অনুসারে, বাংলাদেশে সন্তান প্রসবের আগে চিকিৎসকসহ অন্যান্য প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীর কাছে নারীদের পরামর্শ নিতে যাওয়ার হার বেড়েছে। ২০১১ সালে এই হার ছিল ৪৩ শতাংশ। ২০১৪ সালে তা বেড়ে ৫৮ শতাংশে দাঁড়িয়েছে।
গর্ভবতী মায়েদের চারবার করে গর্ভকালীন সেবা গ্রহণের হার তিন বছরে ১৭ শতাংশ থেকে উন্নীত হয়েছে ৩১ শতাংশে। ধনী ও দরিদ্র পরিবারগুলোর মধ্যে সন্তান প্রসবের আগে সেবা নেওয়ার যে বৈষম্য, তা ৫৭ শতাংশ থেকে ৫৩ শতাংশ হেয়ছে। হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সন্তান প্রসবের হার ২৯ শতাংশ থেকে বেড়ে ৩৭ শতাংশে পৌঁছেছে।