নিরাপদ মাতৃত্ব দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিটি জন্মই হোক পরিকল্পিত, প্রতিটি প্রসব হোক নিরাপদ—এ স্লোগান নিয়ে গতকাল বৃহস্পতিবার নানা আয়োজনে দেশে পালিত হয়েছে নিরাপদ মাতৃত্ব দিবস।
বাংলাদেশ মহিলা পরিষদ এবং স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞদের সংগঠন ওজিএসবি মাতৃমৃত্যুর হার কমাতে মেয়েদের বিয়ের বয়স ১৮ থেকে না কমানোর দাবি করেছে। গতকাল দিবসটি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সমাবেশে এ দুটি সংগঠনের প্রতিনিধিরা বিয়ের বয়স কমানো হলে আন্দোলনের হুমকি দিয়েছেন।
সমাবেশে বক্তারা বলেন, মাতৃমৃত্যুর হার কমাতে হলে নারীশিক্ষার হার বাড়াতে হবে এবং বাল্যবিবাহ বন্ধ করতে হবে। কাজেই সরকার যদি আইন করে নারীদের বিয়ের বয়স ১৬ করে, তাহলে তা হবে আইন করে বাল্যবিবাহকে স্বীকৃতি দেওয়া। বাল্যবিবাহের নেতিবাচক নানা দিক উল্লেখ করে বক্তারা আরও বলেন, মাতৃত্ব, সন্তান লালন-পালন ও গর্ভকালীন যত্ন সম্পর্কে সচেতন হতে সময় লাগে। সুস্থ সন্তান জন্ম দিতে হলে শারীরিক ও মানসিক দিক থেকে একজন মাকে সুস্থ থাকতে হবে। অল্প বয়সে বিয়ে হওয়ার কারণে অনেক শিশু অস্বাভাবিকতা নিয়ে জন্ম নেয় বলেও তাঁরা মন্তব্য করেন।
সমাবেশে বক্তব্য দেন ওজিএসবির সভাপতি রওশন আরা বেগম, সাবেক সভাপতি লতিফা শামসুদ্দিন, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক নুরূল ওয়ারা বেগম প্রমুখ।