নিরাপদ মাতৃত্বের জন্য বিশেষ কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বক্তারা। ঢাকা, ৭ সেপ্টেম্বর। ছবি: জিয়া ইসলাম
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বক্তারা। ঢাকা, ৭ সেপ্টেম্বর। ছবি: জিয়া ইসলাম

যে পাঁচটি কারণে নারীরা গর্ভাবস্থায় এবং সন্তান প্রসবের সময় মারা যান তার মধ্যে ডায়াবেটিস অন্যতম। অথচ এটি বহুলাংশে প্রতিরোধযোগ্য। তাই কাজির মাধ্যমে নবদম্পতিদের এ-সংক্রান্ত পরামর্শ দেওয়া এবং তাঁদের গর্ভধারণ-পূর্ব সেবা গ্রহণে উদ্বুদ্ধ করতে একটি কর্মসূচি চালু করা হয়েছে।

রাজধানীর বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) সম্মেলনকক্ষে শুক্রবার সকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা জানানো হয়। বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং ওয়ার্ল্ড ডায়াবেটিস ফাউন্ডেশনের অর্থায়নে এই ‘প্রসব-পূর্ব সেবা’ প্যাকেজটি চালু করে বাডাস। এর আওতায় গর্ভধারণ-পূর্ব সেবা সম্পর্কে সামাজিক সচেতনতা বাড়ানো এবং সেবা দেওয়া হয়। প্রসব-পূর্ব সেবা প্যাকেজ সম্পর্কে সচেতন করতেই এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বলা হয়, বাংলাদেশে এখনো ৫০ শতাংশ গর্ভধারণ অপরিকল্পিত এবং ৭৫ শতাংশ নারী প্রসব-পূর্ব সেবা থেকে বঞ্চিত। গর্ভধারণ ও প্রসবকালীন জটিলতার অন্যতম মূল কারণ অপরিকল্পিত গর্ভধারণ। পরিকল্পিত গর্ভধারণ করা হলে ডায়াবেটিসসহ অনেক রোগের ঝুঁকি কমে যাবে। মাতৃ এবং শিশুমৃত্যুর হার আরও কমে আসবে। এ জন্য কর্মসূচিটি সফল করতে ৩০০ স্বাস্থ্যকর্মীর পাশাপাশি ৪০০ জন কাজিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষিত কাজিরা বিয়ের অনুষ্ঠানে নবদম্পতিদের এ বিষয়ে জানাবেন।

বাডাসের সভাপতি এ কে আজাদ খান বলেন, ডায়াবেটিস বহুলাংশে প্রতিরোধযোগ্য। এমনকি জিনগত হলেও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে সুস্থ জীবনযাপনের সম্ভাবনা বেড়ে যায়। কিন্তু দেশে ডায়াবেটিস সম্পর্কে মানুষের সচেতনতার অভাব রয়েছে। এ ক্ষেত্রে গণমাধ্যম একটি বড় ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে জানানো হয়, এ প্রকল্পের অংশ হিসেবে বাডাস, বাডাস অধিভুক্ত সমিতির কেন্দ্র ও হাসপাতালে ৫০টি গর্ভধারণ সেবা কর্নার চালু করা হয়েছে। কর্নারগুলোতে গর্ভধারণে সক্ষম সব নারী (ডায়াবেটিক এবং নন-ডায়াবেটিক) গর্ভধারণ-পূর্ব সেবা প্যাকেজের মাধ্যমে প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা (পুষ্টি অবস্থা ও রক্তচাপ), রক্ত পরীক্ষা (গ্লুকোজের মাত্রা, হিমোগ্লোবিনের মাত্রা ও রক্তের গ্রুপ) ও প্রস্রাব পরীক্ষা (এলবুমিনের উপস্থিতি ও ইনফেকশন) করানো হয়। এর পাশাপাশি প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের থেকে চিকিৎসা এবং পুষ্টি পরামর্শ দেওয়া হয়। এ ছাড়াও মোবাইল হেল্প লাইন ও ফেসবুক গ্রুপের মাধ্যমে পরামর্শ নেওয়া যাবে। ৪০ শতাংশ ছাড়ে এই প্যাকেজের দাম রাখা হয়েছে ৬০০ টাকা। তবে বর্তমানে বিনা মূল্যে ডায়াবেটিস শনাক্তকরণ এবং প্রয়োজনীয় চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছে। মোট ২৫ হাজার নারীকে বিনা মূল্যে এ সেবা দেওয়া হবে।

ওয়ার্ল্ড ডায়াবেটিস ফাউন্ডেশনের চেয়ারম্যান অনীল কাপুর বলেন, এই কর্মসূচি মায়েদের স্বাস্থ্যঝুঁকি কমানোর পাশাপাশি শিশু সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করবে, যা টেকসই উন্নয়নের লক্ষ্য পূরণে সহায়ক হবে।

বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির সভাপতি মো. খলিলুর রহমান সরদার বলেন, মা ও শিশুর সুস্থতার জন্য ডায়াবেটিস শনাক্তকরণ এবং প্রয়োজনীয় চিকিৎসা নেওয়া অত্যন্ত জরুরি। বিয়ে নিবন্ধনের সময় দম্পতিকে এ বিষয়ে সচেতন করা হলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে ইতিবাচক পরিবর্তন আসবে। এই সচেতনতামূলক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে কাজি সমাজ গর্বিত।

অনুষ্ঠানে বাডাসের মহাসচিব মো. সাইফ উদ্দিন, গর্ভধারণ-পূর্ব সেবা প্রকল্পের পরিচালক বিশ্বজিত ভৌমিকসহ বেশ কয়েকজন চিকিৎসক, রমনা রোটারি ক্লাবের প্রতিনিধি এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।