
নিরাপদ মাতৃত্বের জন্য মিডওয়াইফারি সেবা অপরিহার্য। এই সেবা মাতৃমৃত্যুর হার কমাতে বিশেষ ভূমিকা রাখছে। মিডওয়াইফারি সেবার ব্যাপারে সরকারের সর্বোচ্চ পর্যায়ের প্রতিশ্রুতি রয়েছে। এখন দরকার এ বিষয়ে শিক্ষা ও প্রশিক্ষণের মান বাড়ানো এবং কাজের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা।
আজ রোববার প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত ‘মিডওয়াইফ, মা ও পরিবার: জীবনের অবিচ্ছেদ্য অংশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে অংশগ্রহণকারীরা এসব কথা বলেন। জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) ও প্রথম আলো যৌথভাবে এ বৈঠকের আয়োজন করে। বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, দুজন মহাপরিচালক, ইউএনএফপিএর প্রতিনিধিসহ একাধিক বেসরকারি প্রতিষ্ঠান ও দাতা সংস্থার প্রতিনিধি এবং পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, নিরাপদ মাতৃত্বের জন্য মিডওয়াইফ সেবা অপরিহার্য। মাতৃমৃত্যু কমাতে এই সেবার বিশেষ ভূমিকা আছে। মিডওয়াইফারি পেশার প্রসার ও এই সেবার ব্যাপ্তির ব্যাপারে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের প্রতিশ্রুতি আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১০ সালে জাতিসংঘে এ ব্যাপারে প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন।
মোহাম্মদ নাসিম বলেন, দেশের প্রত্যন্ত এলাকায় মিডওয়াইফারি সেবা দিচ্ছেন। এঁদের ব্যাপারে গণমাধ্যমে ইতিবাচক সংবাদ আসা দরকার। এর ফলে অনেকে এ পেশায় আসতে উদ্বুদ্ধ হবেন, পাশাপাশি যাঁরা এ পেশায় আছেন, তাঁরাও উৎসাহিত হবেন। মিডওয়াইফারি সেবা বাড়লে সন্তান প্রসবে অপ্রয়োজনীয় অস্ত্রোপচার কমবে। মিডওয়াইফ শিক্ষা, প্রশিক্ষণে আর্থিক ও কারিগরি সহায়তা দেওয়ার জন্য তিনি ইউএনএফপিএকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের শুরুতে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক তন্দ্রা শিকদার দেশে মিডওয়াইফারি শিক্ষা ও সেবার চিত্র তুলে ধরেন। তিনি বলেন, দেশে এখন ১ হাজার ৬০০ জনের মিডওয়াইফারি সনদ আছে। সরকার চাকরি দিয়ে পদায়ন করতে পেরেছে ১ হাজার ২০০ জনকে। আরও ৫৮৯ জন চাকরি পাওয়ার অপেক্ষায় আছে। তিনি বলেন, মিডওয়াইফদের পদ বাড়ানো যেমন দরকার, তেমনি দরকার শিক্ষাপ্রতিষ্ঠানে আবাসন সমস্যা দূর করার। দেশে এই পেশার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ বলেন, ২০৩০ সাল নাগাদ সব প্রসব মিডওয়াইফদের সহায়তায় করা যাবে, এই চিন্তা বাস্তবসম্মত নয়। জনবলের অপচয় না হয়, এটা মাথায় রাখতে হবে। প্রসব যদি মিডওয়াইফ করাতে পারেন তা হলে, সেই কাজে একজন এমবিবিএস পাস করা চিকিৎসক নিযুক্ত করা জনবলের অপচয়ের শামিল। তিনি বলেন, ‘শতভাগ প্রসব আমরা মিডওয়াইফ দিয়ে করাতে পারব না। তবে শতভাগ প্রসব যেন দক্ষ স্বাস্থ্যকর্মীর মাধ্যমে হয়, সেই চেষ্টা থাকতে হবে।’
দাতা সংস্থা জাপাইগোর মাতৃস্বাস্থ্য কর্মসূচির জ্যেষ্ঠ কারিগরি উপদেষ্টা জেবুন্নেসা রহমান বলেন, মিডওয়াইফারি সেবা আর নার্সদের সেবা এক নয়। মিডওয়াইফারি সেবা নির্দিষ্ট। গর্ভকালে, প্রসবকালে ও প্রসব-পরবর্তী সময়ে মা এবং নবজাতককে এই সেবা দেওয়া হয়। তাই এই সেবাকে জীবনের অবিচ্ছেদ্য অংশ বলা হচ্ছে।
বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের রেজিস্ট্রার সুরাইয়া বেগম বলেন, পৃথিবীর অনেক দেশে জন্মসনদে মিডওয়াইফের স্বাক্ষর থাকা বাধ্যতামূলক। এটা অত্যন্ত সম্মানীয় পেশা। মিডওয়াইফরা প্রতিষ্ঠানে যুক্ত থাকার পাশাপাশি নিজেরা স্বাধীনভাবে কাজ করতে পারেন। তিনি জানান, এখন ১৬টি বেসরকারি প্রতিষ্ঠানে মিডওয়াইফ শিক্ষার ব্যবস্থা আছে।
সুইডিস দূতাবাসের স্বাস্থ্য কর্মসূচি কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, বাংলাদেশে পেশাটি নতুন। ২০১২ সালে এই পেশা নিয়ে দেশে কাজ শুরু হয়েছে। এখন চ্যালেঞ্জ হচ্ছে পেশার গুণগত মান বাড়ানো ও শিক্ষক তৈরি করা।
বাংলাদেশ মিডওয়াইফ অ্যাসোসিয়েশনের সভাপতি হালিমা আক্তার বলেন, এখন প্রধান সমস্যা শিক্ষকসংকট। অনেকে পাস করে বসে আছে। অনেকে কাজ না পেয়ে নার্সের কাজ করছে। এটা নতুন এই পেশার জন্য ভালো নয়।
স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়ানোর কথা বলেন সেভ দ্য চিলড্রেনের সেভিং নিউবর্ন লাইফের কর্মসূচি পরিচালক সায়িদ রুবায়েত। তিনি বলেন, মিডওয়াইফারি সেবা দরিদ্রদের সেবা নয়। এটা মূল ধারার সেবা। সেই সেবার পরিমাণ বাড়লে প্রসবে অস্ত্রোপচার কমবে।
ইউএনএফপিএর বিশেষজ্ঞ উপদেষ্টা সৈয়দ আবু জাফর মোহাম্মদ মুসা বলেন, উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চারটি ও ইউনিয়ন উপকেন্দ্র একটি করে মিডওয়াইফের পদ সৃষ্টি করা হয়েছে। জেলা হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে পদ সৃষ্টি হওয়া দরকার।
দুই ঘণ্টার এ বৈঠক সঞ্চালনা করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম। অনুষ্ঠানে একাধিক আলোচক বলেন, এই সেবা সম্পর্কে সাধারণ মানুষের ধারণা কম। মানুষ জানলে সেবার চাহিদা বাড়বে।