নিরাপদ মৌসুমি ফলের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌসুমি ফল ও খাদ্যে বিষ এবং ভেজালের মিশ্রণ চরম আকার ধারণ করেছে৷ এতে মানুষ দীর্ঘমেয়াদি শ্বাসকষ্ট, অ্যাজমা, গ্যাস্ট্রিক, লিভার নষ্ট হয়ে যাওয়া, ক্যানসারসহ বিভিন্ন মারাত্মক রোগে আক্রান্ত হচ্ছে। চিকিৎসাব্যবস্থার ওপর চাপ পড়ছে।
গতকাল শনিবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে ‘বিষমুক্ত নিরাপদ মৌসুমি ফল নিশ্চিত কর’ শীর্ষক এক মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। মানববন্ধনের আয়োজন করে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), নাগরিক অধিকার সংরক্ষণ ফোরাম (নাসফ), আইনের পাঠশালা, পরিবেশ উন্নয়ন সোসাইটি, গ্রিন মাইন্ড সোসাইটি, মার্শাল আর্ট ফাউন্ডেশন, স্বস্তি, ইয়থ সান ও মডার্ন ক্লাব। মানববন্ধনে বক্তারা বলেন, কয়েক দিনের মধ্যেই বাজারে আসবে আম, লিচু, জাম, কাঁঠাল ইত্যাদি সুস্বাদু ও তৃপ্তিদায়ক সব ফল। মৌসুমি ফল মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। কিন্তু নিরাপদ মৌসুমি ফলের প্রাপ্তি নিয়ে জনমনে শঙ্কা কাটছে না। বিগত দিনগুলোতে মৌসুমি ফলের উৎপাদন, বিপণন, বাজারজাত ও সংরক্ষণে ব্যাপকভাবে বিষ ও ভেজালের মিশ্রণ করা হয়েছে।
মানববন্ধনে বক্তারা বিষমুক্ত নিরাপদ মৌসুমি ফল নিশ্চিত করতে কিছু সুপারিশ করেছেন। সেগুলো হলো খাদ্যনিরাপত্তায় কৃষি উৎপাদন থেকে জোগানের প্রতিটি ধাপে পরিবেশসম্মত ব্যবস্থাপনা গড়ে তোলা। খাদ্যে ক্ষতিকর সব ধরনের রাসায়নিক ব্যবহার বন্ধ করতে দ্রুত ব্যবস্থা গ্রহণ। নিরাপদ খাবার তৈরি, বিপণন, বিক্রি ও জনস্বাস্থ্যের সুরক্ষা নিশ্চিত করার জন্য বিদ্যমান আইনগুলোর যথাযথ ও সমন্বিত প্রয়োগ নিশ্চিত করা। নিরাপদ খাদ্য আইন, ২০১৩ ও ফরমালিন নিয়ন্ত্রণ আইন, ২০১৫ দ্রুত বাস্তবায়ন। প্রতি জেলায় খাদ্য আদালত স্থাপন ও জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সংখ্যক খাদ্য পর্যবেক্ষক নিয়োগ। প্রতি জেলায় কৃষি আদালত গঠন। সরকার কর্তৃক নিষিদ্ধ রাসায়নিক পদার্থের আমদানিকারক ও ব্যবহারকারী এবং লেবেল ছাড়া কীটনাশক বিক্রেতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ। সময়োপযোগী কীটনাশক নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করা। দেশের চাহিদা অনুযায়ী টিসিবির মাধ্যমে ফরমালিন আমদানি করা। খাদ্যে ভেজাল নিয়ন্ত্রণে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদারকরণ ও আইনের যথাযথ প্রয়োগ। দেশে জৈব কৃষিব্যবস্থার প্রচলন ও একে জনপ্রিয় করে তোলা।
পবার যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে পবার চেয়ারম্যান আবু নাসের খান, আইনের পাঠশালার সভাপতি সুব্রত দাস, পরিবেশ উন্নয়ন সোসাইটির সভাপতি বুরহান উদ্দিন আহমদ, গ্রিন মাইন্ড সোসাইটির সভাপতি আমির হাসান, মার্শাল আর্ট ফাউন্ডেশনের নির্বাহী সদস্য তাসনীম নাঈমা, স্বস্তির নির্বাহী পরিচালক সৈয়দ আমিনুল হক, ইয়থ সানের সভাপতি মাকিবুল হাসান, মডার্ন ক্লাবের সভাপতি আবুল হাসনাত, প্রকৌশলী আবদুস সাত্তার, মো. সেলিম প্রমুখ বক্তব্য দেন।